মাদারীপুরে জালিয়াতি করেও নিন্ম আদালত থেকে খালাস পাওয়া দুই আসামিকে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে জেলার উচ্চ আদালত। আসামীগন মূল মামলায় খালাস পেলেও বাদীপক্ষ জেলার উচ্চ আদালতে আপীল করে। আপীলের ৪ মাসের মধ্যে এমন রায় দিয়ে অনন্য দৃষ্টান্ত গড়েছে আদালত। সুষ্ঠু বিচার পেয়ে সন্তুষ্ট জমির মালিকরা। ন্যায় বিচার হয়েছে বললেন পাবলিক প্রসিকিউটর। তবে রায়ের আগেই সময় প্রার্থনা করে আদালত থেকে স্থান ত্যাগ করায় আটক করা যায় নি আসামীদের। রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী।
উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর পৌরসভার তেতুলতলা এলাকায় স্বরমঙ্গল মৌজার ১০৭১ দাগে সেলিম শেখ এর কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করেন সানোয়ার হোসেন ও সৌদি প্রবাসী সেলিম শরীফ। ২০১৫ সালে জমিটি ক্রয়ের পর গাছ রোপণ করলেই বাধে বিপত্তি। ফের জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠেন সেলিম শেখের কাছে জমি বিক্রেতা গৌতম ভট্টাচার্য খুদু। বোন জামাই আবুল কালাম আজাদ এর নামে জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখলে নেন বিক্রয়কৃত জমি। কেটে ফেলা হয় জমিতে রোপণ করা বিভিন্ন গাছপালা। জমি ফেরত পেতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এ ৫ জনকে আসামি করে ২০২৪ সালের ২৮ এপ্রিল সানোয়ার হোসেন বাদি হয়ে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে ২০২৫ সালের ৩১ আগস্ট সকল আসামিদেরকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করেন বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন। এই আদেশের বিরুদ্ধে একই বছরের ৫ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন বাদি পক্ষের আইনজীবী রেজাউল করিম রেজা। বিষয়টি আমলে নিয়ে ৪ মাসের মধ্যে পুনরায় বিচারিক কার্যক্রম শেষ করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত। জাল দলিল ও জালিয়াতির অপরাধে আবুল কালাম আজাদ ও তার শ্যালক গৌতম ভট্টাচার্য খুদুকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ। এই রায়ে দখলদারদের হয়রানির অবসান ঘটায় সন্তুষ্ট বাদিপক্ষ এবং তাদের আইনজীবী। সরকারিভাবে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জমি মালিকরা।
দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে সর্বোচ্চ এই রায়টি আদালতে এক অনন্য দৃষ্টান্ত গড়েছে বলে মনে করেন আইনজীবীসহ ভুক্তভোগীরা। একইভাবে প্রতিটি জমিজমা সংক্রান্ত মামলা গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তি করবে আদালত, এমনটাই দাবি আদালতে দারস্থ হওয়া ভুক্তভোগীদের।