সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব হলো মানুষের সেবা করা। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি যাতে অল্প সময়ে অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, আমরা নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে যে ম্যান্ডেট (সম্মতি) নিয়ে এসেছি তাদের জীবনমান উন্নয়নে এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমাদের চলমান যে প্রকল্প রয়েছে তা চলতে থাকবে, কোনটাই বন্ধ হবে না। তিনি আরো বলেন, আমরা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের ওপর যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করবো।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, আমাদের সময় কম। এ অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে এই বাজেটের মধ্যে ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি কার্যকর মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।