× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পিআইডি

ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র -মিস হুকার

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
National Security Adviser meets key

বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট মিস অ্যালিসন হুকার।

আজ ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট মিস অ্যালিসন হুকার এবং সহকারী সেক্রেটারি অব স্টেট মি. পল কাপুরের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকগুলোতে বাংলাদেশে আসন্ন নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আন্ডার-সেক্রেটারির সঙ্গে বৈঠকে ড. রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে মিস হুকারকে অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. রহমান যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে এবং সম্ভব হলে স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি। মিস হুকার বিষয়টি স্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে। তিনি আরও জানান, ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে উল্লেখযোগ্যভাবে কমলে ভিসা বন্ড সংক্রান্ত বিধান পুনর্বিবেচনা করা হতে পারে। অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্যও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র যে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় দাতা—এ কথা উল্লেখ করে তিনি তাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। মিস হুকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বড় ধরনের বোঝা বহন করে যাওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি এই সংকটের সমাধানে বিস্তৃত পরিসরের বোঝা ভাগাভাগি এবং কার্যকর সমাধান খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি, বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের জীবিকাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের অনুরোধ জানান তিনি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নে প্রবেশাধিকার এবং বাংলাদেশে সেমিকন্ডাক্টর উন্নয়নের জন্য অর্থায়নের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। আন্ডার-সেক্রেটারি হুকার এসব প্রস্তাব যুক্তরাষ্ট্র বিবেচনা করবে বলে আশ্বাস দেন।

ড. রহমান গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের নীতিগত আগ্রহের কথাও জানান। আন্ডার-সেক্রেটারি হুকার বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

সহকারী সেক্রেটারি অব স্টেট মি. পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে ড. রহমান বাংলাদেশে আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ড. রহমান স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি অব স্টেট মি. মাইকেল জে. রিগাস শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, স্টেট ডিপার্টমেন্ট ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূতরা এবং মার্কিন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্যে ডেপুটি সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে। ফলাফল দেখতে আমি উদগ্রীব এবং নতুন নির্বাচিত সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।”

সব কর্মসূচিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. রহমানের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..