ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। এই মুহূর্তে দেশে বইছে নির্বাচনী হাওয়া। এরইমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রাথমিক প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিয়েছে। বড় ও ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন চলছে জোট গঠন এবং আসন ভাগাভাগি নিয়ে নানা আলোচনা।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপি সম্প্রতি ২৩৭টি আসনের জন্য প্রাথমিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের সঙ্গীদের মূল্যায়ন করার লক্ষ্যে ৬৩টি আসন ফাঁকা রেখেছে দলটি। প্রার্থী না দেয়া ৬৩ আসনের মধ্যে যুগপৎ আন্দোলনে শরিকদেরই বেশিরভাগ আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি।
দলটির শীর্ষ এক নেতা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা শেষে আসবে চূড়ান্ত ঘোষণা। এদিকে, বিএনপির ওপর আস্থা রাখতে চায় উল্লেখ করে শরিক দলগুলো বলছে, সপ্তাহখানেকের মধ্যেই আসন সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা চূড়ান্ত হতে পারে।
গেল সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখ্রুল আলমগীর।
সেদিন সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তারা যেসব আসনে আগ্রহী সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের সঙ্গে আলোচনা করে সেখানে পরিবর্তন করা হতে পারে।
ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৬ এ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য বরাদ্দ রাখার কথা ভাবছে বিএনপি। এছাড়াও গণ অধিকার পরিষদ, গণফোরাম, এলডিপি, এনডিএমসহ বেশ কয়েকটি দলের জন্যও আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে দলটির।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে দল।
তিনি বলেন, কিছু আসন রাখা হয়েছে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর জন্য। সেগুলো এডজাস্টমেন্ট হবে। এখনও আলোচনা চলছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত চূড়ান্ত তালিকা বোঝা যাবে না।
এদিকে সপ্তাহখানেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে প্রাথমিক আলাপ শুরু হয়েছে উল্লেখ করে খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা হয়তো ১০-১১ জন নিয়ে আমরা আলোচনা করব। দুয়েক সপ্তাহের মধ্যে আমরা আশা করি একটা বোঝাপড়ার জায়গায় আসতে পারব। বিএনপির দিক থেকে আমরা মনে হয় তাদের আন্তরিকতা রয়েছে।
আসন সমঝোতার বাইরেও কিছু জায়াগায় আলাদা প্রার্থী রাখার আভাস দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, আমাদের দিক থেকে আমরা যেসব জায়গায় নির্বাচনের জন্য জরুরি মনে করি সেসব জায়গায় প্রস্তাব রাখব। যকটুকু সমঝোতা সম্ভব হতে পারে। আবার কিছু কিছু জায়গায় উন্মুক্ত থাকতে পারে। সেখানে সব দলেরই প্রার্থিতা থাকবে।
বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন বিশ্লেষকরা
আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার সঙ্গে নবীন ও প্রবীণদের যুক্ত করে যেটা হয়েছে তাতে প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গীরই বহিঃপ্রকাশ ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, অভিজ্ঞতা, তরুণ্য, আর্থিক সক্ষমতা এবং সংগঠনের প্রতি অনুগত- সবকিছু মিলিয়ে প্রার্থী দিয়েছে। আমি শুনলাম এবার প্রার্থী তালিকায় ব্যবসায়ী কম। যদি সেটা হয় তাহলে ভালো।
‘নির্বাচন চ্যালেঞ্জিং হবে’
এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জয়ের জন্য বিএনপিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, তরুণ ভোটাদের এবার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা উপলব্ধি করে তাদের আকৃষ্ট করার মতো কর্মসূচি যুক্ত করতে হবে।
অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, নির্বাচন ঠিক ছিল কি না- সে বিষয়ে চূড়ান্ত ভালো বোঝা যাবে নির্বাচনের পরে। দলের বিভিন্ন লেভেলের পলিসি আগের থেকে তুলনামূলকভাবে লিবারেল করেছে, এটারও একটা ফলাফল তারা নির্বাচনে পাবে বলে আমার বিশ্বাস।