মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কালকিনি পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখনকে গ্রেফতারের ঘটনায় মাদারীপুর জেলা এনসিপি নেতা মুশফিকুর রহমান রঞ্জু তার নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে করে রাজনৈতিক অঙ্গণে নানা ধরণের কথা শোনা যায়।
স্ট্যাটাসে ছাত্রলীগ নেতার গ্রেফতারের একটি ছবি দিয়ে এনসিপির নেতা মুশফিকুর রহমান রঞ্জু লিখেন, ছাত্রলীগ করে…আমার কাছের বন্ধু, যার নামে নেই কোন মামলা তারপরও এ মিথ্যা হয়রানি কেন? এমন রাজনীতি তো আমার এদেশে চাই না তাহলে দেশের আইন প্রশাসন কোন দিকে হাটছে?
খোজ নিয়ে জানা যায়, মাদারীপুর জেলার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সদস্য হচ্ছেন মুশফিকুর রহমান রঞ্জু। গত ১৫ জুন ২০২৫ তারিখে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত কমিটিতে তিনি সদস্য পদে আছেন। তার বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলা গোপালপুর ইউয়িনের পূয়ালী গোপালপুর গ্রামে। এনসিপি নেতার এই স্ট্যাস্টাসে উপজেলার রাজনৈতিক মহলে সমালোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেতার এ ধরণের স্ট্যাটাস দেয়া ঠিক হয়নি।
মাদারীপুর জেলাু এনসিপি নেতা মুশফিকুর রহমান রঞ্জু বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে লিখন কোন কথা বলেনি। লিখন একটা ভালো ছেলে, ওকে হয়রানী করার জন্য কিছু লোকজন মিথ্যা মামলা দিয়েছে এবং গ্রেফতার করিয়েছে।
মাদারীপুর জেলা এনসিসির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, ব্যাপারটি আমাদের জানা নেই। ফেসবুকের লিংকটা একটু দেন, দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখনকে (৩০) শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, লিখনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়াও পুলিশের কাজে বাঁধা দানের একটি মামলায়ও সে এজাহার নামীয় আসামি। গোপণ সংবাদের ভিত্তিতে আমরা তাকে কালকিনি পৌর এলাকার গোপালপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।