বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ নয় কোটি ছয় লাখ আটষট্টি হাজার ঊনসত্তর টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নিকট হস্তান্তর করেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে আজ ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে বিভাগের সচিব আব্দুন নাসের খান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, (অবঃ) এর নিকট চেকসমূহ হস্তান্তর করেন। এসময় সাবমেরিন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮ লাখ ৭৯ হাজার ৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত ও পুঁজিবাজারে নিবন্ধিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও সুনামের সাথে যথাযথ দ্বায়িত্ব পালন করছে। এছাড়া, সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।