শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজার সময় ভারতের কিছু জায়গায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর বানিয়ে উস্কানি ও নিন্দনীয় কাজ করার তথ্য পাওয়া গেছে। অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও প্রতিবেশী দেশটির যোগসূত্র পাওয়া গেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের কড়া নজরদারি এবং পূজা উদযাপন কমিটির সহযোগিতায় আমরা এ ধরনের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ৭৯৩টা পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেয়ার চেষ্টা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে। এসবের প্রত্যেকটি ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি করে তদন্ত করছে।
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা হয়েছিল বলে জানান তিনি। তবে মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। কিন্তু আমরা জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তৎপরতায় সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।