× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক

আজ মহানবমীতে দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হবেন দেবী দুর্গা

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
মহানবমীতে দেবী সিদ্ধিদাত্রী

নবরাত্রির নবম বা শেষ তিথি আজ মহানবমী। শারদীয় দুর্গাপূজার মহানবমী তিথিতে মা দুর্গা পূজিত হয়েছেন দেবী সিদ্ধিদাত্রী রূপে। শাস্ত্রে আছে, দেবী এই রূপে ভক্তদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণ এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন।

আজ বুধবার (১ অক্টোবর) সূর্যোদয়ের পর থেকে দিবা ঘ ৩টা ৬ মিনিট মধ্যে মায়ের পূজা সম্পন্ন হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান করেন পূজার্থীরা। শেষে মহাষ্টমী ব্রত পালনকারীরা পারণ (নৈবেদ্য আস্বাদন) করেন।

মাতা সিদ্ধিদাত্রী হলেন দেবী দুর্গার নবম এবং চূড়ান্ত রূপ, যিনি নবদুর্গার অংশ। ‘সিদ্ধি’ অর্থ ‘অতিপ্রাকৃত শক্তি’ এবং ‘ধাত্রী’ অর্থ ‘দাতা’। মা সিদ্ধিদাত্রী নবরাত্রির নবম দিনে পূজিত হন, যিনি সাধকদের সমস্ত আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণ করেন এবং জ্ঞান ও অন্তর্দৃষ্টি প্রদান করেন। তিনি পদ্ম ধারণ করেন এবং চতুর্ভুজা হন, যা তাঁর ঐশ্বরিক ও করুণাময় রূপের প্রতীক।

কালিকাপুরাণে বলা হয়েছে, বিভূতি লাভের জন্য নবমী তিথিতে যথাবিধি বলিদান এবং জপ ও হোম করা কর্তব্য। এক্ষেত্রে ষড়ঋপুর প্রতীক হিসেবে যেকোনও ফল কাটা হয়, চণ্ডীপাঠ করা হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। এই পূজার ৭টি কল্প বিহিত আছে। সামর্থ্যানুসারে যে কোনও কল্পে পূজা করা হয়। ভাদ্রমাসের কৃষ্ণানবমী হতে আশ্বিন মাসের মহানবমী পর্যন্ত যে পূজা করা হয়, তাকে নবম্যাদি কল্প বলে। আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ হতে মহানবমী পর্যন্ত যে পূজা করা হয়, তাকে প্রতিপদাদি কল্প, আশ্বিন শুক্লাষষ্ঠী হতে মহানবমী পর্যন্ত ষষ্ঠ্যাদি কল্প এবং মহানবমীর দিন হয় নবমীকল্প। মহাষ্টমী পরবর্তী নবমী হলো সর্বলোক পূজনীয়া মহামায়ার ‘মহানবমী’ পূজার তিথি।

নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন। অর্থাৎ‍ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকামূর্তি। দেবী ভগবত্‍ পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতী কে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্ব সিদ্ধি লাভ করেন মহাদেব।

ভক্তদের বিশ্বাস মতে, মাতা সিদ্ধিদাত্রী দেবাদিদেব মহাদেবের শরীরের অংশ। তাই তিনি অর্ধনারীশ্বর নামেও প্রসিদ্ধ। ভক্তদের বিশ্বাস, এই মহাবিশ্ব যখন তৈরি হয়নি, চারদিকে যখন ঘন অন্ধকার ছিল, প্রাণের চিহ্ন যখন কোথাও ছিল না, তখন একটি দৈব আলোকরশ্মি নারীমূর্তির আকার ধারণ করতে থাকে। ইনিই দেবী মহামায়া, মহাশক্তি। এই আদিদেবীর থেকেই জন্ম হয়েছিল ত্রি শক্তির-ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। বিশ্ব বা জগত সংসার পরিচালনার জন্য এই আদিমাতা ত্রিদেবকে দায়িত্ব দেন। এর পরে মহাসাগরের তীরে বসে বহু বছর ধরে মহামায়ার তপস্যায় রত ছিলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। তপস্যায় প্রসন্না হয়ে দেবী তাঁদের সামনে ‘সিদ্ধিদাত্রী’ রূপে প্রকট হন।

অসুরবধের আনন্দে নবমী তিথিতে কাত্যায়ন ঋষির আশ্রমে দেবীর বন্দনায় মেতে উঠেছিলেন দেবতারা। এখানেই নবমী পুজোর মাহাত্ম্য বা গুরুত্ব বলে পণ্ডিতদের ধারণা রয়েছে। হিন্দু শাস্ত্র মতে, এদিন তাই দেবীর সম্পূর্ণ পুজো সম্পন্ন হয়। এই তিথিতেই বলি, হোম, কুমারী পুজো এবং ষোড়শ উপাচারের বিধান আছে। দেবীকে প্রসন্ন করতে নৈবেদ্যতে তিল নিবেদন করার রীতি দেখা যায়। ভক্তদের বিশ্বাস, মাতা সিদ্ধিদাত্রীর কৃপায় জীবনের সমস্ত কুপ্রভাব বিনষ্ট হয় এবং সফলতা আসে জীবনে‌। মাতা সিদ্ধিদাত্রী ভগবান ব্রহ্মাকে বিশ্বস্রষ্টার স্রষ্টা, ভগবান বিষ্ণুকে সৃষ্টি ও জগত রক্ষার ভূমিকা এবং দেবাদিদেব মহাদেবকে প্রয়োজন হলে জগৎ ধ্বংস করার ভূমিকা প্রদান করেন। ভক্তদের আরও বিশ্বাস, দেবী সিদ্ধিদাত্রী পরবর্তীতে সরস্বতী, লক্ষ্মী এবং মাতা পার্বতী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সিদ্ধিদাত্রী মাতা সর্বদাই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের সঙ্গে শক্তি হিসেবে আছেন, এটা বোঝাতেই তিনি এই ত্রিদেবের পত্নী রূপে অবস্থান করেন‌। পৌরাণিক আখ্যান অনুযায়ী, দেবী সিদ্ধিদাত্রী জগৎ পরিচালনা, পালন এবং সংহারের জন্য অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন এই ত্রিদেবকে। অতিপ্রাকৃত এই আটটি শক্তিকে মার্কণ্ডেয় পুরাণে অষ্টসিদ্ধি বলা হয়েছে যা দেবী সিদ্ধিদাত্রী দেন।

দেবী সিদ্ধিদাত্রী পুজা মন্ত্র:

সিদ্ধগন্ধর্বযক্ষাদ্যৈরসুরৈরমরৈরপি।

সেব্যমানা সদা ভূয়াৎ সিদ্ধিদা সিদ্ধিদায়িনী।।

মন্ত্র

ওম দেবী সিদ্ধিদাত্রায়ায় নমঃ। ওম দেবী সিদ্ধিদাত্রায় নমঃ ॥

সিদ্ধ গন্ধর্ব যক্ষ্যাদিরসুরৈরমরপি। সেবামনা সর্বদা ভূয়াত সিদ্ধিদা সিদ্ধিদায়িনী।।

সিদ্ধ গন্ধর্ব যক্ষদ্যারসুররমররাপি। সেবামনা সদা ভূয়াত সিদ্ধিদা সিদ্ধিদায়িনী ॥

বা দেবী সর্বভূতেষু মা সিদ্ধিদাত্রী রূপেন সংস্থা। নমস্তস্য নমস্তস্য নমস্তস্য নমো নমঃ ॥

ইয়া দেবী সর্বভূতেষু মা সিদ্ধিদাত্রী রূপেনা সংস্থিতা। নমস্তস্যায় নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥

সিদ্ধিদাত্রী তার ডান হাতে চক্র এবং গদা ধারণ করতে পরিচিত। পদ্মের উপর বসে তিনি বাম হাতে শঙ্ক ও পদ্মও ধারণ করেন।

হিন্দু বিশ্বাস অনুসারে, দেবী সিদ্ধিদাত্রী শুক্লপক্ষ পরিচালনা করেন। যারা এই গ্রহের অশুভ প্রভাবে ভুগছেন তাদের অবশ্যই এর বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে তাঁকে মন ভরে পূজা করতে হবে।

মাতা দুর্গার নবম শক্তি ‘সিদ্ধিদাত্রী’ নামে পরিচিত:

ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন। মার্কণ্ডেয়পুরাণ অনুসারে অণিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বাশিত্ব—এই আট প্রকারের সিদ্ধি হয়ে থাকে। ব্রহ্মবৈবর্তপুরাণের শ্রীকৃষ্ণজন্মখণ্ডে এর সংখ্যা আঠারো বলে উল্লিখিত আছে। যথা- (১) অণিমা (২) লঘিমা (৩) প্রাপ্তি (৪) প্রাকাম্য (৫) মহিমা (৬) ঈশিত্ব, বাশিত্ব (৭) সর্বকামাবসায়িতা (৮) সর্বজ্ঞত্ব (৯) দূরশ্রবণ (১০) পরকায়প্রবেশন (১১) বাকসিদ্ধি (১২) কল্পবৃক্ষত্ব (১৩) সৃষ্টি (১৪) সংহারকরণসামর্থ্য (১৫) অমরত্ব (১৬) সর্বন্যায়কত্ব (১৭) ভাবনা এবং (১৮) সিদ্ধি।

মাতা সিদ্ধিদাত্রী ভক্ত ও সাধকদের এই সব সিদ্ধি প্রদান করতে সমর্থা। দেবীপুরাণ অনুসারে ভগবান শিব এঁরই কৃপায় সকল সিদ্ধি প্রাপ্ত হন। এঁর অনুকম্পাতেই ভগবান শিবের অর্ধেক শরীর দেবীর হয়েছিল। সেজন্যই তিনি জগতে ‘অর্ধনারীশ্বর’ নামে প্রসিদ্ধ। মাতা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা। ইনি কখনও সিংহবাহনা, কখনও পদ্মাসনা। এঁর দক্ষিণের নিম্নস্থিত হস্তে চক্র, উপরি হস্তে গদা, বামের নিম্নস্থিত হস্তে শঙ্খ এবং উপরিস্থিত হস্তে পদ্মফুল। নবরাত্রি পূজার নবম দিনে এঁর আরাধনা করা হয়। এইদিন শাস্ত্রীয় বিধি-নিয়ম অনুসারে এবং পূর্ণ নিষ্ঠা নিয়ে যিনি সাধনা করেন তাঁরা সকল সিদ্ধি প্রাপ্ত হন। জগতে তার আর কোন কিছুরই অগম্য থাকে না। ব্রহ্মাণ্ডে তার পূর্ণ বিজয় লাভ করার ক্ষমতা হয় ।

প্রত্যেক মানুষেরই কর্তব্য হল মা সিদ্ধিদাত্রী দেবীর কৃপা লাভ করার জন্য নিরন্তর চেষ্টা করা, তাঁর আরাধনায় এগিয়ে চলা। তাঁর কৃপায় অতীব দুঃখময় সংসারে নির্লিপ্ত থেকে সমস্ত সুখভোগ করে সাধক মোক্ষ লাভ করতে সক্ষম হয়।

নবদুর্গার মধ্যে মাতা সিদ্ধিদাত্রী হলেন অন্তিমরূপ। অন্যান্য অষ্টদুর্গার পূজা শাস্ত্র-বিধি অনুযায়ী করে ভক্ত দুর্গাপূজার নবম দিনে এঁর উপাসনায় প্রবৃত্ত হন। সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণকরার পর ভক্ত ও সাধকদের লৌকিক-পারলৌকিক সর্বপ্রকার কামনা পূরণ হয়। কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের কৃপাপাত্র ভক্তের মধ্যে এমন কোন কামনা আর থাকে না, যা তিনি পূরণ করতে চান। তিনি সকল সাংসারিক ইচ্ছা, প্রয়োজন এবং স্পৃহার ঊর্ধ্বে উঠে মানসিকভাবে মা ভগবতীর দিব্যলোকে বিচরণ করেন। তাঁর কৃপার অমৃতধারা নিত্য পান করে তিনি বিষয় ভোগশূন্য হয়ে যান। মাতা ভগবতীর পরম সান্নিধ্যেই তাঁর পরম প্রাপ্তি হয়ে যায়। এই পরমপদ পাওয়ার পর তার আর কোন বস্তুর প্রয়োজন থাকে না।

মায়ের শ্রীচরণের সান্নিধ্য লাভের জন্য আমাদের সর্বদা নিয়মনিষ্ঠ থেকে তাঁর আরাধনা করা উচিত। মাতা ভগবতীর স্মরণ, পূজা-ধ্যান আমাদের এই জগতের অসারত্ব বোধ করায় এবং প্রকৃত পরম শান্তিদায়ক অমৃত পদের দিকে নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..