সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: গুলশান হামলায় নিহত বাবুর্চি সাইফুলের লাশ ১৭ দিনেও ফেরত পায়নি পরিবার। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় নিহত শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাইফুল ইসলাম চৌকিদারের দুই মেয়ে ও পরিবারের ঈদ কেটেছে চোখের জলে। নিহত হওয়ার ১৭ দিন পার হলেও লাশ পায়নি তার স্বজনরা।
সাইফুলের মৃত্যুর সংবাদের পর থেকে এ পর্যন্ত তার পরিবার চুলায় আগুন জ্বালায়নি। শুধুই লাশের অপেক্ষা আর চোখের জলে দিন কাটছে তাদের। একদিকে যেমন সাইফুলের মৃত্যুর শোক, অপর দিকে তার লাশ না পাওয়ার শোক, এই দুই শোকে সাইফুলের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই শিশুকন্যাসহ স্বজনরা অসহায় সময় কাটাচ্ছেন। লাশ কখন পাবে তাও কেউ বলতে পারছেনা। ফলে সাইফুলের পরিবারসহ স্বজনরা সরকারের কাছে দ্রুত লাশ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
নিহত সাইফুলের মেঝো বোন মায়া ও চাচাতো ভাই সুলাইমান জানান, ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় কুক ম্যানেজার (বাবুর্চি) মোঃ সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। তার মৃত্যু সংবাদের পর স্বজনরা ঢাকায় গিয়ে লাশের জন্য যোগাযোগ শুরু করেন। ঘটনার পর থেকে ১৬ জুলাই পর্যন্ত সাইফুলের লাশ ফেরত পাওয়ার জন্য গুলশান থানা ওসি, সিএমএইচ হাসপাতালে ছুটাছুটি করে লাশের কোন সন্ধান পায়নি। সাইফুলের পরিবারের লোকজন জানান, গুলশান থানা তদন্ত শেষ হলে লাশ ফেরত দেবে। এ দিকে ১৬ দিন পেরিয়ে যাওয়ার পরে তারা সাইফুলের লাশ ফেরত পায়নি পরিবার।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিহত সাইফুল ইসলাম চৌকিদারের মা, ঘরের ভিতরের একটি কক্ষে অপর কক্ষে অন্ত:সত্ত্বা স্ত্রী সোনিয়া বসে কান্না করছেন। তার দুই শিশুকন্যা সামিয়া ও ইমলি পুরনো পোশাক পড়ে রয়েছে। প্রতিবেশীসহ স্বজনরা তাদেরকে শান্তনা দিচ্ছেন।
সাইফুলের ভায়রা ভাই কবিরসহ স্বজনরা জানান, গত ৬ জুলাই সাইফুলের লাশ ফেরত পাওয়ার জন্য গুলশান থানায় নড়িয়া পৌরসভার কাউন্সিলর কর্তৃক ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলী এমপির প্রত্যায়নপত্র জমা দেয়া হয়। গুলশান থানা পুলিশ তদন্ত শেষ হলেই লাশ ফেরত দেয়ার আশ্বাস দেন। কিন্তু আমরা ১৭ দিনেও লাশ কোথায় আছে তা জানি না। কত দিন পর লাশ ফেরত পাবো তাও আমাদের জানানো হয়নি। সরকারের কাছে আমরা দ্রুত সাইফুলের লাশ পাওয়ার জোর দাবি জানাই।
নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম আলী বলেন, কিছু আইনগত পরিক্রিয়া চলছে। ঢাকা থেকে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে সাইফুলের ব্যক্তিগত তথ্য চেয়েছিলো। আমরা তা যথা সময়ে প্রেরণ করেছি। আসা করি আইনগত পরিক্রিয়া দ্রুত শেষ হবে এবং সাইফুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, গুলশানের ঘটনায় এখনও কিছু লাশ সিএমএইচ মর্গে রাখা আছে। সাইফুলের পরিবারের পক্ষ থেকে যদি সঠিক প্রমান স্বরুপ কাগজপত্র সিএমএইচ এ উপস্থাপন করতে পারে তাহলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।