× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

আফগানিস্তানে আবার ভয়াবহ ভূমিকম্প, আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ভয়াবহ ভূমিকম্প

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আবার  ভয়াবহ ভূমিকম্প। গতকাল মঙ্গলবারের এই ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ধরা পড়েছে ৫.২। তবে নতুন এই কম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। কারণ রবিবার রাতের ভূমিকম্পে এখনও স্বজনহারা মানুষরা বেদনার ঘোর থেকে বেরোতে পারেননি।

রবিবার রাতের ভয়াবহ ভূমিকম্প রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুনার প্রদেশ। সেখানেই মৃত্যু হয় ১,৪০০ জনেরও বেশি মানুষের। আহত হন ৩,১০০ জনের বেশি। পাঁচ হাজার চারশো’রও বেশি বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী নানগরহর প্রদেশেও বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হন একশোরও বেশি মানুষ।

ভয়াবহ এই দুর্যোগের পর বহু মানুষ এখনও গৃহহারা। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এহসানউল্লাহ এহসান নামে কুনার প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র জানান, মঙ্গলবার ফের আফগানিস্তানের কুনারের একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কিন্তু নতুন কম্পন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

আফগানিস্তান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত বলেন, বহু ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছনো সম্ভব হয়নি। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকারীদের কাজ ব্যাহত হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, বিশ্বের একাধিক দেশ আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। উদ্ধার ও ত্রাণ পৌঁছনোর চেষ্টা চলছে।

ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছেন আফগানিস্তানের সাধারণ মানুষও। ওয়াদির গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাই স্টোমন জানান, তিনি নিজের বন্ধুকে খুঁজতে ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছিলেন। সেখানে যা দেখেছেন, তা বর্ণনা করা কঠিন। চারপাশ জুড়ে কেবল ভাঙা ইট-পাথর আর ধ্বংসস্তূপ। বহু বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। তাঁর কথায়, বন্ধুকে খুঁজে পাননি, তবে যা দেখেছেন তা যন্ত্রণাদায়ক এবং হৃদয়বিদারক।

আফগানিস্তান এমনিতেই বহু বছর ধরে যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। তার মধ্যে বারবার ভূমিকম্প এই দেশকে আরও নাজুক করে তুলছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ভূমিকম্প মানুষের মনে আতঙ্ক আরও গভীর করেছে। এখনও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র স্পষ্ট নয়, তবে দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের সাহায্যে পুনর্গঠন ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাবুল প্রশাসনের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..