ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি নামক স্থানে স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু থেকে পড়ে ইমন (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমন সদর উপজেলার বোড়া গ্রামের মাজিদুল হকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, জেলার সদর উপজেলার নগরবাথান বাজার থেকে ইমন তেলের ব্যারেল বোঝাই আলমসাধুতে চড়ে চুয়াডাঙ্গা জেলার দশমাইল বাজারে যাচ্ছিল। পথে পোতাহাটি নামক স্থানে একটি বাস গাড়ীকে সাইড দিতে গেলে বাসের সাথে আলমসাধুটির ধাক্কা লাগে। এতে সে আলমসাধুর উপর থেকে রাস্তায় পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।