কলকাতার আর জি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতে চিকিৎসকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই কর্মবিরতির ডাক দেয়। আইএমএ জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের ‘নন-ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস’ বন্ধ রাখা হয়েছে। ফলে শনিবার আউটডোর খোলেনি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টা সব রকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা। আইএমএ গত সপ্তাহের হত্যাকাণ্ডকে ‘নারীদের জন্য নিরাপদ স্থানের অভাবের কারণে বর্বর মাত্রার অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে এবং তার ‘ন্যায়বিচারের সংগ্রামে’ দেশবাসীর সমর্থন চেয়েছেন। হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখে আইএমএ তাদের পাঁচ দফা দাবি তুল ধরেছে। এর মধ্যে রয়েছে– নারীদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে হাসপাতালে। চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। চিকিৎসকদের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, নিরাপত্তা নিশ্চিত না হলে কাজে যোগ দেবেন না তারা। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোও অচল হয়ে পড়েছে।
আইএমএর এই কর্মবিরতিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চিকিৎসকরাও।
চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দোষারোপের খেলা শুরু করেছে। বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেস পার্টিকে (টিএমসি) অভিযুক্ত করেছে। তবে টিএমসি এই অভিযোগ অস্বীকার করে সহিংসতার জন্য ‘রাজনৈতিক বহিরাগতদের’ দায়ী করেছে।
পশ্চিমবঙ্গজুড়ে কয়েক হাজার নারী বুধবার রাতে ‘রাত দখল কর’ এবং ‘নির্ভয়ে বাঁচার স্বাধীনতার’ দাবিতে বিক্ষোভে অংশ নেন। দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই এবং পুনের মতো ভারতের আরও অনেক শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, কলকাতা পুলিশের দাবি, ১৪ আগস্ট আর জি কর হাসপাতাল ক্যাম্পাসে উন্মত্ত জনতার ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণ ও হত্যার ঘটনায় বলিউডের তারকারাও নিন্দা জানিয়েছেন। সবার কণ্ঠে এক সুর, ‘ন্যায়বিচার চাই’। চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু তার পুরস্কার উৎসর্গ করেছেন নিহত চিকিৎসককে। এ ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, আয়ুষ্মান খুরানা, টুইঙ্কেল খান্না, আলিয়া ভাট, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ প্রমুখ।
এই নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয় ৯ আগস্ট ভোরে। আর জি কর হাসপাতালের চারতলায় দায়িত্ব পালন শেষে সেমিনার কক্ষে বিশ্রাম নিয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া নারী চিকিৎসক। সেখানে সকালে তার মরদেহ পাওয়া যায়। এর পরই উত্তাল হয়ে ওঠে ওই হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি। ৯ দিন ধরে চলছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার রুমালিকা কুমার অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের ন্যায়বিচারের দাবি এখনও পূরণ হয়নি। উপযুক্ত প্রমাণসহ সব দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রুমালিকা বলেন, অস্বচ্ছতার কারণেই কলকাতা পুলিশ থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ন্যায়বিচারের দাবি আদৌ পূরণ হয়নি।
সংবাদ সম্মেলনে আর জি কর মেডিকেল হাসপাতালের চিকিৎসক রিয়া বেরা বলেন, ‘আমরা যথাযথ প্রমাণের ভিত্তিতে সব দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সিবিআইয়ের কাছ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি চাচ্ছি। লিখিত ক্ষমা চাইতে হবে তাদের এবং প্রাক্তন অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করছি।’