× Banner
সর্বশেষ
নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর

সহিংসতার মধ্যদিয়েই চলছে ইউপি ভোট গ্রহণ

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও সহিংসতার সেই পুরনো শঙ্কার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে শেষ ধাপের ৪৬ জেলার ৯২ উপজেলার ৭১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। চলমান এ নির্বাচনে শতাধিকেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটলেও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ যাবৎ নেয়া হয়নি বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ফলে শেষধাপেও কমছে না সহিংসতার আশঙ্কা।

বরাবরের মতো এ ধাপেও সুষ্ঠু ভোট নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে ইসিতে নানা অভিযোগ দাখিল করেছেন প্রার্থীরা। এসব অভিযোগ খুলেও দেখছে না কমিশন। শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় টহল শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধে সাজা দিতে সাথে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটগণ। বুধবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল এবং শুক্রবার রাত থেকে সবধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

এ দিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুখতার আহমেদ মৃধা নির্বাচন বর্জন করেছেন। গতকাল সকালে শৈলকুপা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মৃধা। তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, স্বতন্ত্র প্রার্থীর হামলা-মামলায় নিজেকে নিরাপত্তাহীন ও ভোটের সুষ্ঠু পরিবেশও নেই উল্লেখ করে বলেছেন, তার শত শত কর্মীকে মারধর করে ঘরবাড়িছাড়া করা হয়েছে। নির্বাচনী মাইক, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দ পেয়ে চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেছে স্থানীয়রা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী প্রদীপ দাসকে গলাকাটা অবস্থায় শুক্রবার সকালে টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। তিনি সূর্যেরগাঁও গ্রামের জানকি দাসের ছেলে।

নড়াইলের লোহাগড়া ইউপি নির্বাচনে ছাগলছিড়ায় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে লোহাগড়ার ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নজরুল শিকদারের সমর্থকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বদর খন্দকারের সমর্থকেরা নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে।

এরপরও বরাবরের মতো এবারো অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ভোটের এলাকায় সব ধরনের অপতৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনী এলাকায় মাঠে টহলে রয়েছেন বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ প্রায় দেড় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

তবুও সহিংসতার আশঙ্কা : ষষ্ঠ ধাপের ভোটকে ঘিরে নির্বাচনী এলাকাগুলোয় চলছে প্রভাবশালী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। ইতোমধ্যে শতাধিক ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ভোট ডাকাতি ও সঙ্ঘাত, সংঘর্ষের আশঙ্কা জানিয়ে ইসিতে অভিযোগ দাখিল করেছেন। তবে এসব অভিযোগ খুলেও দেখছে না ইসি। তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন ইউপিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও কঠোর পদক্ষেপ না নেয়ায় সহিংসতাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। এতে ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে সহিংসতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, কিশোরগঞ্জ, যশোর, টঙ্গাইল, নোয়াখালী, ফেনী, পাবনা, পঞ্চগড়, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, শরীয়তপুর ও সিলেট থেকে।

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোর নির্দেশ ইসির : শেষ ধাপের ভোটে অনিয়ম হলে কোনো ছাড় দেবে না ইসি এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো: সিরাজুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। সহিংসতা রোধ ও সংখ্যালঘুসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগাদা দেয়া হয়েছে। অনিয়ম রোধে ইসির অবস্থান তুলে ধরে ইসি সচিব বলেন, ভোটে অযাচিত হস্তক্ষেপের কারণে একজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাঁশখালীর সব ইউপির ভোট বন্ধ করা হয়েছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।

প্রার্থী, দল ও ভোটার : শেষ ধাপের ভোটের আগেই ইতোমধ্যে নৌকা প্রতীকের ২৭ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ২২৩ জন, সাধারণ সদস্য পদে ২৫ হাজার এবং সংরক্ষিত সদস্য পদে ৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭১০ ইউপিতে ১ কোটি ১০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এক লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত রয়েছেন ভোটের দায়িত্বে।

মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ : নির্বাচনী আইনানুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ওই নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না। এই বিধি লঙ্ঘন করলে অন্যূন ছয় মাস বা অনধিক তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

মাঠে টহলে আইনশৃঙ্খলা বাহিনী : নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। একইসাথে আচরণবিধি লঙ্ঘন ও নানা অনিয়ম ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে রয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দুই দিন আগে থেকেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতা রোধে বাড়তি কোনো নিরাপত্তা নেয়া না হলেও এবারের নির্বাচনে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জনিয়েছেন তারা। ইসি সূত্রে জানা গেছে, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউপির জন্য স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। অন্য দিকে প্রতি উপজেলায় দু’টি করে র‌্যাবের মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম এবং প্রতি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোবাইল ও এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে।

যান চলাচল নিষিদ্ধ : ভোটের আগের রাত থেকে ৩২ ঘণ্টা সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে ইসি। মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে দুই দিন আগে থেকেই। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতিসাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষক ও অনুমোদিত সাংবাদিকদের ক্ষেত্রে তা শিথিল থাকবে। ইসির নির্দেশনায় আরো বলা হয়েছে, নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং চিকিৎসা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া নির্বাচনের কারণে সংশ্লিষ্ট ইউপিগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে নির্বাচনী এলাকায় সব অফিস বন্ধ থাকবে।

কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও নির্বাচনী সামগ্রী : ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের জন্য ৭১০ ইউপির কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল। শুক্রবার সকালে এসব এলাকার ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ৫৮টি কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপিতে ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে সাড়ে ছয় শ’ ইউপিতে ভোট হয়েছে ৩১ মার্চ। ছয় শতাধিক ইউপিতে তৃতীয় ধাপের ভোট হয়েছে ২৩ এপ্রিল। চতুর্থ ধাপে সাত শতাধিক ইউপিতে ভোটগ্রহণ হয় ৭ মে। পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে ভোটগ্রহণ হয় গত ২৮ মে।


এ ক্যটাগরির আরো খবর..