বিশ্বকাপের মঞ্চে যেন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে ভারত। এই বিশ্বকাপের মঞ্চে ভারতই একমাত্র দল, যারা লীগ পর্যায়ে ৯ ম্যাচ জিতে আজ সেমিফাইনালে উঠেছে। এবার টানা ৯ ম্যাচ জয়ে ভারত যেন অপ্রতিরোধ্য। আজ বেলা আড়াইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল এমন এক মাঠে হবে, যেখানে ২০১১ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারতের ইতিহাসে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জেতার উদাহরণ নেই। যদিও টানা ৯ ম্যাচ খেলার সুযোগও ছিল না। টানা ম্যাচ খেলার ক্লান্তি আছে। চাপ আছে। সবাইকে রিল্যাক্সড মুডে রাখতে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। রোহিতও সেটা জানিয়েছেন, একবার মাঠে পা রাখলে চাপ বেড়ে যায়। সবাই যেন ফুরফুরে থাকে সেটাই মূল উদ্দেশ্য। ভুলে গেলে চলবে না, বিশ্বকাপের গত দুই আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত।
মুম্বাইয়ের অনেক স্মৃতিঘেরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, শুভমান গিল, শ্রেয়া আইয়ার, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদবদের ভারত। প্রায় দেড় শ কোটি মানুষের দেশ ভারত। ৯ ম্যাচ জিতে তাদের কাছে আজ সেমিফাইনাল যেন দশে দশ হওয়ার অপেক্ষা। মনে আছে, আগের বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। স্বাভাবিকভাবেই সেই স্মৃতি ফিরে আসছে আর দুই শিবিরে উত্তাপ ছড়াচ্ছে।
গত ২২ অক্টোবর লিগ ম্যাচে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। তখনই অনেকে বলেছিলেন, প্রতিশোধটা নেওয়া হয়ে গেছে। কথা বলেননি বিরাট, রোহিতরা। তারা জানতেন, ট্রফির দৌড়ে কোনো কথা না বলাই ভালো। নিজ ঘরে বিশ্বকাপ আর এই সুযোগ ট্রফি রেখে দেওয়ার। সেমিফাইনালকে ফাইনালের মতো করে দেখছে। ভারত এমন এক অবস্থায় রয়েছে, যাদের ব্যাট-বল দুটোই যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে। কেউ যেন কারো চেয়ে কম নয়। মনে আছে, বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে গিয়েছিলেন। তার পরও ভারতকে কেউ থামাতে পারেনি।
অন্যদিকে নিউজিল্যান্ড গত বিশ্বকাপের রানার্সআপ দেশ হয়েও এবার তারা সেমিফাইনালে উঠেছে চতুর্থ দল হিসেবে। অলরাউন্ডার হেনরী বিহীন নিউজিল্যান্ড চারটি জেতে, তারপর চারটিতে হারে, শেষ ম্যাচ জিতে শেষ দল হিসেবে শেষ চারে গিয়েছে। তবে সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে তিনি খুশি। ব্যাটে-বলে ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরছেন, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন, তাতে খুশি কেন উইলিয়ামসন।
প্রবল প্রত্যাশার চাপ এভাবেই দূরে রাখতে শিখেছেন রোহিত। তবে কতটা পেরেছেন, তা বোধহয় বোঝা যাবে এ সপ্তাহেই। সে জন্যই বোধ হয় একবার ভাগ্যের কথাও বললেন। ‘কোথায় গিয়ে ভাগ্যেরও দরকার পড়ে। জানি, সাহসীদের সঙ্গে ভাগ্য থাকে। আমরা সেই সাহসী ক্রিকেটই খেলে যাব।’
নিউজিল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের তিনজন বাঁহাতি– তাই যে রবীন্দ্র জাদেজাকে দিয়ে রোহিত বিশ্বকাপের ম্যাচগুলোতে বাজিমাত করছেন, সেটাও আজ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নিউজিল্যান্ডের সঙ্গে ধর্মশালার ম্যাচেই জাদেজা দশ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। তবে এসব পরিসংখ্যান না, ভারতীয় অধিনায়কের ভয় বরং এই নিরীহ নিউজিল্যান্ডকে নিয়ে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে ফেভারিট তকমা নিয়েও হেরেছিল ভারত। গতকাল সেই স্মৃতিই উঠে এসেছিল রোহিতের কাছে। ‘বিশ্বকাপ মানে বিশ্বকাপ। এখানে সব প্রতিপক্ষই সমান শক্তিশালী। সব ম্যাচের গুরুত্বই সমান। তা লিগ পর্বের হোক কিংবা সেমিফাইনাল। ভুলে যাবেন না নিউজিল্যান্ড কিন্তু গত দুই বিশ্বকাপের ফাইনাল খেলা দল।’
ক্যারিয়ারে এই নিয়ে চার-চারবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালের দোরগোড়ায় দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে কেন উইলিয়ামসনের। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও ২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছেন উইলিয়ামসন। তাই তিনিও জানেন, ওয়াংখেড়ে বসে সেমিফাইনালের আগের দিন কোন কোন প্রশ্নের উত্তর দিতে হতে পারে । ‘জানি, সূর্যকুমার এই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো খেলেন, কিন্তু আমরা আমাদের ক্রিকেট নিয়েই শুধু ভাবছি। আপনারা আমাদের আন্ডারডগ বলছেন, জানি না আপনারা আমাদের নিয়ে কি লিখবেন বলে ঠিক করে এসেছেন, হয়তো আপনাদের সেই লেখা পরিবর্তনও করতে পারব না। কিন্তু আমরা এটুকু জানি, নিজেরা যদি সেরা খেলাটা খেলতে পারি, তাহলে এবারো আমরা ফাইনাল খেলব।’
আইসিসির সাদা বলের টুর্নামেন্টে এ পর্যন্ত ১৪ ম্যাচের ৯টিতেই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। এ পর্যন্ত ভারত কখনোই আইসিসির কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে কিউইদের হারাতে পারেনি। এসব অতীত কেন উইলিয়ামসনের হয়ে কেউ এদিন সংবাদ সম্মেলনে প্রশ্ন করেনি। তবে অনুশীলনের সময় কিউইদের নেট থেকে যেভাবে ছক্কা গ্যালারিতে পড়ছিল, তা দেখে প্রেস বক্স থেকে মনে হচ্ছিল, এই নিউজিল্যান্ড শান্ত এবং ভয়ংকর।