রয়টার্স ভারতীয় সরকারি কর্মকর্তাদেরদের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়ার একটি বড় হীরার কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে – যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ দুটি ভারতীয় কোম্পানির ২ কোটি ৬০ লাখ ডলার জব্দ করেছে। মার্কিন অর্থ বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) নিষেধাজ্ঞার বিষয়গুলো দেখাশোনা করে। তারা চলতি বছরের আরও আগে, ওই অর্থ জব্দ করেছে বলে জানিয়েছে। ভারতীয় সরকারি কর্মকর্তারা স্পর্শকাতরতার কারণে ভারতীয় কোম্পানি দু’টির নাম প্রকাশ করতে রাজি হয়নি। রাশিয়ার ওই কোম্পানিটির নাম আলরোসা, যেটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। এর সঙ্গে ভারতীয় ওই দুই হীরা কোম্পানির বাণিজ্য–সংযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আলরোসা, বিশ্বের সবচেয়ে বড় অমসৃণ হীরা উৎপাদনকারী কোম্পানি।
অজ্ঞাত ওই ভারতীয় কোম্পানি দুটোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো যখন অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল, তখন মার্কিন অর্থ বিভাগের বিদেশি সম্পদসংক্রান্ত ওই দপ্তর সেই অর্থ জব্দ করে। উল্লেখ্য, রাশিয়া গত বছর ইউক্রেনে হামলা শুরু করার পর ভারতীয় কোনো ব্যবসার বিরুদ্ধে ওএফসিএর পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এই প্রথম জানা গেল। ইউক্রেন আক্রমণ করার পর, রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে।
ভারত হীরা প্রক্রিয়াজাত করার সবচেয়ে বড় সক্ষমতা গড়ে তুলেছে। এ বছর মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটি যে পরিমাণ মসৃণ হীরা রপ্তানি করেছে, তার মূল্য ছিল ২ হাজার ২০০ কোটি ডলার। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বেশির ভাগ হীরার কারখানা অবস্থিত। এসব কারখানা হীরা প্রক্রিয়াজাত করার জন্য সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম ও রাশিয়ার মতো দেশ থেকে মূলত অমসৃণ হীরা আমদানি করে।