ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলা হচ্ছে, ইউরোপ ভারসেস লাতিন আমেরিকার ফাইনাল। কিন্তু লাতিন আমেরিকায় আর্জেন্টিনা একটি ব্যতিক্রমী দেশ – যেখানে ইউরোপীয়দের একচ্ছত্র আধিপত্য। আর্জেন্টিনার অধিকাংশ অধিবাসী ইতালি থেকে এসেছে। আর্জেন্টিনা ছিল স্পেনের অঙ্গরাজ্য, ফলে ইমিগ্রান্ট ইতালিয়ানদের মুখের ভাষা পাল্টে স্পেনিশ হয়ে গেছে। যদিও আর্জেন্টাইন স্প্যানিশের সঙ্গে ইউরোপীয় স্পেনিশের কিছুটা পার্থক্য রয়েছে। আর্জেন্টাইন স্প্যানিশে বহু ইতালিয়ান শব্দ ঢুকে গেছে।
লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল ছিল পর্তুগালের অঙ্গরাজ্য। পর্তুগিজরা পৃথিবীর সবচেয়ে উদার জাতি। যে কারণে ব্রাজিলে যারাই এসেছে, প্রত্যেকেই নাগরিকত্ব পেয়েছে। এজন্য ব্রাজিল দলে অগণিত অশ্বেতাঙ্গ খেলোয়াড় দেখা যায়; কিন্তু আর্জেন্টিনা দলে আমি কোন অশ্বেতাঙ্গ ফুটবলার দেখিনি। আর্জেন্টিনায় যে সমস্ত ইতালিয়ানরা এসেছে, তারা ইউরোপীয় রক্তের বিশুদ্ধতা ধরে রাখার চেষ্টা করেছে।
আধুনিক সভ্যতার মানবিক মূল্যবোধ সমূহ এসেছে ফ্রান্স থেকে। ফ্রান্সকে বলা হয় মানবাধিকারের দেশ। ফ্রান্স দলের অধিকাংশ ফুটবলার বিদেশী-বংশোদ্ভূত। যদি বলি, ফ্রান্সের মিশ্র বর্ণের সঙ্গে আর্জেন্টাইন শ্বেতাঙ্গদের ফাইনাল হচ্ছে – এ কথা বোধহয় অত্যুক্তি হবে না।
বাংলাদেশের মিডিয়ায় একচেটিয়া মেসি-বন্দনা চলছে। ফুটবল যে ১১ জন প্লেয়ারের খেলা, বাংলাদেশের মিডিয়া মনে হয় সেটা ভুলে গেছে। বাংলাদেশের মিডিয়া একথাও ভুলে গেছে যে, ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন। এছাড়াও ফাইনাল ম্যাচের ফলাফল যে ফ্রান্সের পক্ষে যাবে না – এ কথা কে হলফ করে বলতে পারে! বাংলাদেশের মিডিয়া ফাইনাল খেলার আগেই মেসির হাতে বিশ্বকাপ তুলে দিয়েছে!