ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে উচ্চ ফলনশীল জাতের রবি-১ জাতের পাট বীজ উৎপাদন করে সফলতার আশা করছে কৃষকরা। নতুন জাতের এই পাট থেকে সাধারন তোষা পাটের জাতের চেয়ে কমপক্ষে ২০ শতাংশ বেশি ফলন পাচ্ছে কৃষকরা।
মাত্র ১১০ দিনেই এই পাট থেকে বীজ সংগ্রহ করা যায় বলে ঝিনাইদহের কৃষকরা এই পাট চাষ করে বীজ উৎপাদনের দিকে ঝুকছে। জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ও সিমলা রোকনপুর ইউনিয়ন এবং কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৯৭ জন কৃষক এবার ১৬৮ বিঘা জমিতে এই রবি-১ জাতের পাট চাষ করে বীজ উৎপাদন করছে। এবার ৭৬২ মন পাট বীজ এই ৯৭জন কৃষকরা উৎপাদন করবে। প্রতি মন বীজ বিক্রি হবে ৬০০০ টাকা দরে। ভারতীয় পাট বীজ যাতে বাংলাদেশের বাজার দখল করতে না পারে এ জন্য কাজটি বাস্তবায়ণ ও কারিগরি সহায়তা প্রদান করছেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান। আর তাদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় উপজেলা কৃষি অফিস এবং ইউএসএআইডি।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়, বাংলাদেশে সাধারন ভারতীয় পাট বীজ ব্যবহার করে পাট উৎপাদন করে কৃষকরা। কিন্তু অনেক সময় ভারতীয় পাট বীজ থেকে ফলন তেমন হয় না। লোকসানে পড়ে কৃষকরা । এছাড়াও ভারতীয় বীজের অনেক দাম। সোনালী আশের পুরানো গৌরব ফিরিয়ে আনতে নতুন উদোমে মাঠে নামে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট। তারা এই রবি ১ জাতের পাট বীজ উৎপাদন করেন।
সম্প্রতি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ২টি ইউনয়িন এবং কোটচাদপুর উপজেলার ১টি ইউনিয়নের ৯৭ জন চাষীকে দিয়ে এই পাট বীজ উৎপাদনের জন্য কাজ করছে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ কোম্পানী। তারা আশা করছে প্রতি বিঘা জমি থেকে ৪ মন করে বীজ উৎপাদন করা সম্ভব হবে। সে ক্ষেত্রে এই সকল কৃষকের কাছ থেকে প্রায় ৬৭২ মন পাট বীজ উৎপাদন হবে। প্রতি মন বীজ কৃষকদের করছ থেকে ৬০০০ টাকা দরে কিনে নেবে ফেরোমন ইন্ডাষ্ট্রিজ। এক বিঘা জমি থেকে একজন কৃষক মাত্র ১১০ দিনে ২০-২৪ হাজার টাকা আয় করতে পারবেন।
কালীগঞ্জ উপজেলার বড় সিমলা গ্রামের জাফর আহম্মেদ নামের একজন কৃষক জানান, তিনি এবার তার ১ একর জমিতে এই রবি-১ জাতের পাট বীজ বোপন করেন। তিনি আশা করছেন ১ একর জমিতে প্রায় ১০-১২ মন রবি ১ জাতের বীজ উৎপাদন করতে পারবেন। ফল অনেক ভাল হয়েছে। মাত্র ১১০ দিনে তিনি তার জমি থেকে ৭০ থেকে ৭২ হাজার টাকা আয় করতে পারবেন। তিনি জানান, এক একর জমিতে তিনি খরচ করেছে আনুমানিক ১০-১২ হাজার টাকা।
ফেরোমন ইন্ডাষ্ট্রিজ এর প্রোডাকশন সুপারভাইজার মো: জহুরুল ইসলাম জানান, এ বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে দুইটি উপজেলার ৩টি ইউনিয়নে ৯৭ জন কৃষক এই পাট বীজ উৎপাদন করবে। পরবর্তীতে আরো কৃষককে রবি-১ জাতের পাট বীজ উৎপাদনে কৃষককে কারিগরি সহায়তা প্রদান করা হবে। তিনি আরো বলেন তাদের উৎপাদিত বীজ সব ক্রয় করে নিবেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার জানান, কালীগঞ্জ উপজেলার যে সকল কৃষক এই পাট বীজ উৎপাদন করছে তাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও উপসহকারী কৃষি অফিসারা নিয়মিত কৃষকের সাথে যোগাযোগ করছেন। তিনি বলে এই জাতের পাট বীজ উৎপাদন করে কৃষকরা অল্প দিনেই লাভবান হবেন। এলাকায় যদি আরো বেশি পাট বীজ উৎপাদন করা যায় তাহলে আগামীতে এলাকায় আরো বেশি বেশি পাট উৎপাদন করা সম্ভব হবে।