দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এ পর্যন্ত মোট ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি (৩৭ লাখ ১৪ হাজার ২৬৬) টিকা পেয়েছেন ঢাকা মহানগরীর মানুষ, আর সবচেয়ে কম (১ লাখ ৫৭ হাজার ৯৯৫) টিকা পেয়েছেন বান্দরবানের মানুষ। তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলামের দেওয়া তথ্য অনুসারে এসব তথ্য পাওয়া যায়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানেও এগিয়ে আছে ঢাকা বিভাগ। এ বিভাগের ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২১৭ জন অন্তত এক ডোজ টিকা পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন ৭০ লাখ ৩৩ হাজার ৪১৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ লাখ ৫৩৮ জন, রাজশাহী বিভাগে ৪৭ লাখ ৬৩ হাজার ৩০ জন, রংপুর বিভাগে ৪৬ লাখ ১৮ হাজার ৩২১ জন, খুলনা বিভাগে ৫২ লাখ ৪৯ হাজার ৬৯৯ জন, বরিশাল বিভাগে ২৩ লাখ ৯২ হাজার ৯৩ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৪০ হাজার ১৩৫ জন এক ডোজ টিকা পেয়েছেন।