শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : ভালবেসে বাবা-মা’র অমতে একজন ভাল মানুষকে বিয়ে করেছিলাম। কিন্তু সেই মানুষটি যে এতটা নরপশু হবে তা কল্পনাও করিনি। আমার সাত মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান করাতে পারছিনা। ক্ষুধার যন্ত্রনায় আমার শিশু সন্তান নুসরাত বুঝি মরেই যায়!
যৌতুকের টাকা না দেয়ায় পাষন্ড স্বামীর দেয়া আগুনে মারাত্মক দগ্ধ গৃহবধু রুমি বেগম শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাষ্টিক সার্জারী বিভাগে যন্ত্রনায় কাতরাচ্ছিলেন আর এসব কথা বলছিলেন। ঘটনাটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার প্রতন্ত্য গ্রামের। চাহিদা মত যৌতুকের টাকা না দেয়ায় স্বামী ও শশুর-শাশুরী মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এখানেই থেমে থাকেনি বর্বরতা। শরিরের আগুন নিভে যাওয়ার পর তাতে লবন ডলে দেয়া হয়!
অগ্নিদগ্ধ গৃহবধুর বাবা রেজাউল করিম জানান, আরাই বছর আগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের তারা মিয়ার পুত্র রায়হান মিয়ার সাথে তার মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের আগে ছেলে পক্ষের লোকজন কোন যৌতুক নেবেনা জানালেও পরে উল্টো কথা বলেন। বিয়ের পর ১ লক্ষ টাকা দাবী করে তার মেয়ের শশুর বাড়ীর লোকজন। টাকা না দেয়ায় রুমির ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এমনকি দাবীকৃত টাকা নিয়ে আশার জন্য একাধিকবার তার মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তারা। তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, মেয়ের সুখের কথা ভেবে অনেক কষ্টে ৫০ হাজার টাকা জোগার করে জামাইয়ের হাতে দিয়েছি। আরো ১০ হাজার টাকা পরে দেয়ার কথা ছিল। কিন্তু পাষন্ড মানুষগুলো সেটা মানতে পারেনি। তাই মেয়েটাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে।
অগ্নিদগ্ধ গৃহবধু রুমি জানান, গত ১১ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে তার স্বামী রায়হান তাকে বাবার বাড়ীতে গিয়ে বাকি ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে। অন্যথায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে তার স্বামী সন্ধায় বাড়ীতে এসে তার ওপর চরাও হয় এবং বলে যে তুই এখনো বাপের বাড়ী যাসনি কেন? সে তখন তার স্বামীকে জানায়, তার বাবার কাছে এত টাকা নেই। সে আর টাকা আনতে পারবেনা। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর শুরু করে দেয় রায়হান। এসময় তার শশুর ও শাশুরী এসেও মারতে থাকে। একপর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এমকি আগুন নিভে যাওয়ার পর তার গায়ে লবন ডলে দেয়া হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারাই তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করায়। পরে সেখান থেকে গতকাল শুক্রবার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রমেকের বার্ণ ও প্লাষ্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ গৃহবধু শংকামুক্ত নয়। আগুনে শরিরের ৩৩ ভাগ অংশ পুড়ে গেছে। এছাড়া লবণ দেয়ার কারণে তার থুতনী ও বুকের মাঝখানে তিন চার যায়গায় গভির ক্ষতের সৃষ্টি হয়েছে। পরবর্তিতে তার অপারেশন করানোর প্রয়োজন হতে পারে। এদিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধুর বাবা রেজাউল করিম তার মেয়ে জামাই রায়হান, শশুর তারা মিয়া ও শাশুড়ী রিনা বেগমকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতেই রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দু’জন এখনও পলাতক রয়েছে।