আন্তর্জাতিক ডেস্ক: পুতিনকে দুর্নীতগ্রস্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। সোমবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
২০১৪ সালে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের পর ক্রেমলিনের একাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। একই সঙ্গে মার্কিন প্রশাসন থেকে দাবি করা হয়, রাশিয়ার জ্বালানি সেক্টরে পুতিনের বিশাল অংকের বিনিয়োগ আছে। তবে এবারই প্রথম পুতিনকে সরাসরি অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র।
পুতিনের মুখপাত্র এ ব্যাপারে বিবিসিকে বলেছেন, ‘যেহেতু এগুলো বিশুদ্ধ কল্পকাহিনী, তাই এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই।’
মার্কিন ট্রেজারির বৈদেশিক বিভাগের কর্মকর্তা অ্যাডাম জুবিন জানান, প্রেসিডেন্ট পুতিন যে দুর্নীতিগ্রস্ত এটা বহু বছর আগে থেকেই মার্কিন প্রশাসন জানে।
তিনি বলেন, ‘আমরা তাকে (পুতিন) তার বন্ধু, ঘনিষ্ঠ মিত্র এবং যাদের বন্ধু বলে প্রতীয়মান হয় তাদেরকে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে সম্পদশালী করতে দেখেছি। চাই সেটা রাশিয়ার জ্বালানি সম্পদ হোক কিংবা রাষ্ট্রীয় চুক্তি, যারা তার অনুগত থাকবে ও সেবা করবে বলে তিনি বিশ্বাস করেন, তাদেরকে তিনি এসব দিয়েছেন এবং যারা তার অনুগত নয়, তাদের বাদ দিয়েছেন। আমার কাছে এটাই তার দুর্নীতির চিত্র।’