স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সাইবার অপরাধ দমনে নীতিমালা ও আইন হবে বলে।
শনিবার দুপুর ১২টার দিকে ফেনী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি থ্রিজি চালুর কারণে অনলাইনভিত্তিক সাইবার অপরাধ বেড়ে চলেছে। চলতি সংসদ অধিবেশনের প্রথমে অনলাইনসহ বিভিন্ন মিডিয়ার নীতিমালা আইন করা হবে। পাশাপাশি পূর্বের নীতিমালা সংশোধন করে সাংবাদিক ও মিডিয়ার স্বার্থে আইন করা হবে।
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপস্থিত ছিলেন জাসদ ফেনী জেলা সভাপতি শফী উদ্দিন বেলাল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
তথ্যমন্ত্রী বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় ‘শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ’ শীর্ষক প্রকল্পের আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।