স্টাফ রিপোর্টার: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন, এর মাধ্যমে তারা দেখাতে চান দেশের ৮০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
মুক্তিযুদ্ধের নয় মাসসহ প্রায় এক বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকে মুক্তি লাভের পর লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু। এই দিনটি ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে থাকে আওয়ামী লীগ।
দিনটি উপলক্ষে দলটির নেয়া নানা কর্মসূচি অংশ সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা। কর্মসূচি ঘোষণার প্রাথমিক পর্যায়ে ১০ জানুয়ারি জনসভা আয়োজনের ঘোষণার করেছিল দলটি। কিন্তু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে এক দিন পিছিয়ে তা নেয়া হয় সোমবার।
এদিন বেলা আড়াইটায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে দলটি। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ.লীগ সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। সোমবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চায় তারা। এ লক্ষ্যে কয়েক দিন ধরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, ঢাকার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর তৃণমূলের নেতা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলের দায়িত্বশীল নেতারা। এসব সভা থেকে ব্যাপক জনসমাগম ঘটানোর নির্দেশ দেয়া হয়।
রবিবার জনসভার মঞ্চ পরিদর্শনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, দেশের ৮০ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দলে দলে যোগ দিয়ে সেই জনসভাকে জনসমুদ্রে পরিণত করে তা আরেকবার প্রমাণ করবে।
দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আসছে চার দশকের বেশি সময় ধরে। এ উপলক্ষে এবারও সোহরাওয়ার্দীতে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের প্রস্তুতিও ব্যাপকভাবে নেয়া হয়েছে। আশা করি প্রতিবছর যে পরিমাণ জনসমাগম হয়, এবারও এর ব্যতিক্রম হবে না।