স্টাফ রিপোর্টার: সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন বা সংশোধন করে কোনো সমাঝোতা করবে না। বিএনপির সঙ্গে যদি নির্বাচনের জন্য আলাপ বা সংলাপ করতে হয় তাহলে নির্বাচনের সময় আসুক তখন আলাপ করা যাবে। এর বাইরে সংবিধান বহির্ভূত কোনো আলাপ নয়।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে চা খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন। বেগম জিয়া তা প্রত্যাখ্যান করে পেট্রলবোমা মেরে হত্যার রাজনীতে মেতে উঠলেন। তিনি মানুষ মারলেন, বাস পোড়ালেন রেল লাইন উপড়ে ফেললেন ধ্বংসাত্মক কাজে মেতে উঠলেন।
তিনি বলেন, বেগম জিয়ার বাতি জ্বালানোর জেনারেটর তার পুত্র রয়েছেন লন্ডনে। তাকে অবশ্যই তার পুত্রের কাছ থেকে যেকোনো কিছুর অনুমতি নিতে হবে। নতুবা তিনি বাংলাদেশে বসে রাজনীতির বাতি জ্বালাতে পারবেন না।
সুরঞ্জিত সেনগুপ্ত বেগম জিয়ার উদ্যেশে বলেন, সংলাপ সংলাপ বলে চিৎকার করে লাভ নেই। পৌষ মাসের মাহফিল যদি চৌত্র মাসে করেন তা হলে সেটা সফল হবে না।