বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখসারিতে থাকা একক পেশাজীবী হিসেবে পুলিশেই সর্বোচ্চ সংখ্যক সদস্য ৯ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ৩৩ জন বীর সদস্য। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে এক ভিন্নরকম মানবিক পুলিশ বাহিনীকে দেখছে বাংলাদেশ। পুলিশকে দেখে এখন মানুষ আর দৌঁড়ে পালায় না, বরং পুলিশ দেখে ছুটে আসে অনাহারীর হাত। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই গভীর রাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানো থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠানো, এমনকি মৃত ব্যক্তির দাফনেও পুলিশকে দেখা যাচ্ছে।
পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের পাশাপাশি এই মহামারীতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। গতকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন।