× Banner

আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের বিষয়ে সমাধান চায় খালেদা

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের বিষয়ে সমাধান চায় বলে জানিয়েছেন। তিনি সরকারকে উদ্দেশ করে বলেছেন, “আমরা ভিনদেশী কেউ নই। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে দেশে নিরপেক্ষ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে চাই। তাই আসুন সংলাপের মধ্য দিয়ে সমাধান আনি।”

তিনি সরকারের উদ্দেশে আরো বলেন, “আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা ভুল করলে মনে মনে তা স্বীকার করুন।”

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলকে ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচন করায় দিনটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি।

গত বছর দিনটি পালনে সরকার বাধা দেয়ায় পরের তিন মাস দেশজুড়ে চলে অবরোধ-হরতাল। তবে এবার সমাবেশের অনুমতি পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে স্বস্তি নেমে আসে। এক বছরের বেশি সময় পর প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি।

বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হলেও এর অনেক আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় তাদের হাতে সরকারবিরোধী নানা স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।

এদিকে পুলিশের দেয়া শর্তমতে রাস্তার এক পাশে জমায়েত হলেও অন্য পাশে যান চলাচল বন্ধ ছিল। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকাগুলোর দোকানপাটও বন্ধ ছিল সারা দিন।

এদিকে জনসভার নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারা ছিল। বিএনপি কার‌্যালয়ের আশপাশের ভবনগুলোর ছাদেও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

বেলা তিনটার দিকে জনসভার মঞ্চে আসেন খালেদা জিয়া। তিনি হাত নেড়ে সমবেতদের উদ্দেশে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান তাকে।

প্রায় এক বছর পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো সমাবেশে বক্তব্য দিলেন। তবে গত বছরের সিটি নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ঢাকায় দুটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। ওই প্রচারণায় কয়েক দফা হামলার ঘটনার পর নিরাপত্তার অভাবে তিনি আর পথে নামেননি।

এসব কারণে বিএনপির মধ্যে আশঙ্কা ছিল ৫ জানুয়ারি হয়তো সমাবেশের অনুমতি দেয়া হবে না। কিন্তু শেষ পর‌্যন্ত সমাবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, “অনেক দিন পর সামনে আসতে পেরে আমিসহ সবাই আনন্দিত ও উৎফুল্ল।” তবে সমাবেশের সময় বেঁধে দেয়ার সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, “সরকার ভয় পায় বলেই সমাবেশের সময় বেঁধে দিয়েছে।”

এক ঘণ্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে খালেদা জিয়া সংলাপ, অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি এবং সরকারের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতা, দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ আনেন। পাশাপাশি তার সরকার ক্ষমতায় গেলে কী কী উন্নয়ন করবেন সে বিষয়েও বক্তব্য তুলে ধরেন। কথা বলেন চলমান শিক্ষক আন্দোলন নিয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি চাকরিজীবীদের চাকরিতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

খালেদা জিয়া তার বক্তব্যে তেল-গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।

গণতন্ত্র হত্যা দিবসের ব্যাখ্যা

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে ব্যাখ্যা দিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, “এদিন আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেয়নি। ভোটকেন্দ্রে মানুষ ছিল না। ফলে এ সরকার যেমন অবৈধ, এ সংসদও অবৈধ। সেজন্য আমরা প্রতিবছর এ দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করি। কিন্তু আওয়ামী লীগ আমাদের এ দিবসও পালন করতে দিচ্ছে না।”

খালেদা জিয়া বলেন, “আমরা এই গণতন্ত্র হত্যা দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম; কিন্তু সেই সুযোগ গতবার আমাদের দেয়া হয়নি। এবারই অনুমতি দিল, তাও কয়েক ঘণ্টা আগে।”

তবে অনুমতির সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানান তিনি।

জ্বালাও পোড়াও নয়, একসঙ্গে কাজ করতে চাই’

বিএনপি জ্বালাও-পোড়াও নয়, গণতন্ত্র ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চায় জানিয়ে খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, “আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান।  আসুন, আমরা আলোচনা করে সমাধান আনি।”

সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ; আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে চাই।”

অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন,  “তারা  (সরকার) জোর করে ক্ষমতায় আছে,  তাই তাদেরই এটা করতে হবে।”

সরকার অবৈধ, ইসি অথর্ব

৫ জানুয়ারি নির্বাচনে কেউ ভোট দেয়নি, বেশির ভাগ এমপি বিনা ভোটে নির্বাচিত উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, তাই বর্তমান সরকার ও সংসদ অবৈধ। তারা যা করছে তা-ও অবৈধ।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন।  এটা না হলে কখন জনগণ জেগে উঠবে তা বলা যায় না।”

নির্বাচন কমিশনকে গণতন্ত্র হত্যার জন্য দায়ী করে খালেদা জিয়া বলেন, “এই কমিশন অথর্ব, মেরুদণ্ডহীন। তাদের কথা বলারও সাহস নেই। যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে পদত্যাগ করুন।”

পৌরসভা নির্বাচনের সময় বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ​ না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, “তিনি (সিইসি)  কি এমন লাটসাহেব হয়েছেন, যে দেখা করতে পারেন না।”

রাজতন্ত্র কায়েমের ফল ভালো হবে না’

সরকার রাজতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “বহু চেষ্টা করেছেন, এর আগেও একবার চেষ্টা করেছেন একদলীয় শাসন কায়েম করার। এখন আবার করছেন।  মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না।”

বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার সংবিধান পরিবর্তন করেছে নিজের স্বার্থে।  এই পরিবর্তনে জনগণের ভালোর জন্য কিছু নেই। বিরোধী দলকে দমনের জন্য সরকার একের পর এক আইন করছে।

সরকার মানুষকে গুম-খুন করে চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে। এখনো গ্রেপ্তার করা হচ্ছে। তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। তিনি বলেন, “গুম-খুন করে জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না। সরকারের পতন হবেই।”

তিনি বলেন, “সরকার সংবিধান পরিবর্তন করেছে নিজের স্বার্থে। এই পরিবর্তনে জনগণের ভালোর জন্য কিছু নেই। বিরোধী দলকে দমনের জন্য সরকার একের পর এক আইন করছে।”

পৌরভোটে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে’

খালেদা জিয়া সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে জনগণের রায় ছিনতাই হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে সব পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয় লাভ করত।

তিনি বলেন, “আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলাম। কিন্তু ক্ষমতা থাকলেও নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালালি করে তাদের সব সুযোগ-সুবিধা দিয়েছে।”

চাকরিতে বৈষম্য সৃষ্টির চেষ্টা হচ্ছে’

সম্প্রতি ঘোষিত জাতীয় বেতন কাঠামোর বৈষম্য নিয়ে শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীদের আন্দোলন নিয়ে খালেদা জিয়া বলেন, “বিভিন্ন সার্ভিসে বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এক পক্ষকে উপরে তোলা হচ্ছে। শিক্ষকদের অবহেলা করা যাবে না। তারা বাধ্য হয়ে আন্দোলনে যাচ্ছে। এতে দেশ আরো উত্তপ্ত হবে।” শিক্ষকসহ আন্দোলনরত পেশাজীবীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

তেল-গ্যাস ও বিদ্যুতের দাম কমানো উচিত’

সারা বিশ্বে তেলের দাম কমলেও বাংলাদেশে দাম বেশি কেন জানতে চান খালেদা জিয়া। তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান। তিনি বলেন, “মানুষের তো একটা ক্ষমতা আছে। কারণ তেলের দামের সঙ্গে অন্যান্য অনেক বিষয় জড়িত। তাই তেলের দাম কমানো উচিত।”

প্রশাসনকে নিশ্চিন্ত থাকার আশ্বাস

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি চাকরিজীবীদের কাছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা কথা বলছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, “আপনাদের বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে অনেকের চাকরি থাকবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারো চাকরি যাবে না। আমরা অন্যায়ভাবে কিছু করব না। সুশাসন নিশ্চিত করতে মেধা, যোগ্যতা ও জেষ্ঠ্যতা দেখে পদোন্নতি দেয়া হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি তা দেখা হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের অন্যায় আদেশ না মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দয়া করে জনগণের ওপর জুলুম করবেন না। আপনারাও এ দেশের সন্তান।”

টকশো নিয়ন্ত্রণ করা হচ্ছে

গণমাধ্যম সরকার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না হওয়া, জাতীয় প্রেস ক্লাব দখল হওয়ারও অভিযোগ করেন।

গণমাধ্যম নিয়ন্ত্রণের ব্যাপারে খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ ছাড়া কাউকে বিজ্ঞাপন দেয়া হয় না। টকশো পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারা টকশোতে যাবে কারা যাবে না সে তালিকা সংস্থাগুলো করে দেয়। কেউ সরকারের উল্টো বললে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানো হয়।”

ক্ষমতায় গেলে কী করবেন

খালেদা জিয়া বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি, নারীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, সবার জন্য বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মানুষকে নিজের পায়ে দাঁড়াতে যা যা করা দরকার বিএনপি অতীতে করেছে আগামীতেও করবে বলে জানান খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,  ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..