× Banner

বর্তমান সরকার ও সংসদ অবৈধ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার ও সংসদ অবৈধ। তারা যা করছে তা-ও অবৈধ। তিনি সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে গণতন্ত্র হত্যার জন্য দায়ী উল্লেখ করে বলেন, “এই কমিশন  অথর্ব, মেরুদণ্ডহীন। তাদের কথা বলারও সাহস নেই। সিইসি নাকি অসহায়। যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে পদত্যাগ করুন।”

মঙ্গলবার বিকেলে  রাজধানীর নয়াপল্টনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া।

আজকের এ দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে ব্যাখ্যা দিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, “এদিন আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেয়নি। ভোটকেন্দ্রে মানুষ ছিল না। ফলে এ সরকার যেমন অবৈধ, এ সংসদও অবৈধ। সেজন্য আমরা প্রতিবছর এ দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করি। কিন্তু আওয়ামী লীগ আমাদের এ দিবসও পালন করতে দিচ্ছে না।”

খালেদা জিয়া বলেন, “আমরা এই গণতন্ত্র হত্যা দিবসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম; কিন্তু সেই সুযোগ গতবার আমাদের দেয়া হয়নি। এবারই অনুমতি দিল, তাও কয়েক ঘণ্টা আগে।”

সমাবেশের অনুমতি দেয়ায় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, “অনেক দিন পর সামনে  আসতে পেরে আমিসহ সবাই আনন্দিত ও উৎফুল্ল।” তবে সমাবেশের সময় বেঁধে দেয়ার সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার ভয় পায় বলেই সমাবেশের সময় বেঁধে দিয়েছে।

প্রায় একবছর পর কোনো সমাবেশে বক্তব্য দিলেন খালেদা জিয়া।এর আগে গত বছরের সিটি নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচারণার সময় ঢাকায় দুটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন তিনি। ওই প্রচারণায় কয়েক দফা হামলার ঘটনার পর নিরাপত্তার অভাবে তিনি আর পথে নামেননি।

বর্তমান সরকার শুধু গণতন্ত্রই নয় মানুষকেও গুম-খুন করে চলছে বলে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে। এখনো গ্রেপ্তার করা হচ্ছে। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।তিনি বলেন, “গুম-খুন করে জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না। সরকারের পতন হবেই।”

দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, “এর আগেও একবার চেষ্টা করেছেন একদলীয় শাসন কায়েম করার। এখন আবার করছেন।মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা কোনো ভালো ফল বয়ে আনবে না।”

সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “জনগণ কখন জেগে ওঠে বলা যায় না। তখন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না।”

খালেদা জিয়া বিশ্বের বিভিন্ন স্বৈরশাসনের উদাহরণ টেনে সরকারের উদ্দেশে বলেন, “আপনারাও টিকতে পারবেন না; একদলীয় শাসনের পথ থেকে ফিরে আসুন; গণতন্ত্রের পথে আসুন।”

সাবেক প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ; আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে চাই।” তিনি বলেন, “সরকার সংবিধান পরিবর্তন করেছে নিজের স্বার্থে। এই পরিবর্তনে জনগণের ভালোর জন্য কিছু নেই। বিরোধী দলকে দমনের জন্য সরকার একের পর এক আইন করছে।”

অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, “আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান।  গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করতে।”

খালেদা জিয়া সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে জনগণের রায় ছিনতাই হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে সব পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয় লাভ করত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,  ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ন মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..