অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সরকারি রাস্তার জায়গা জবরদখল করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের তালপুকুর নামক স্থানে সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত মূল্যবান জায়গা জবরদখল করে স্থানীয় প্রভাবশালী হাবিবুর রহমান পাকা ঘর নির্মাণ কাজ করছে।
জায়গাটি সরকারি ১নং খাস খতিয়াভূক্ত হওয়ায় এতদিন এলাকার লোকজন চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। জায়গাটি প্রভাবশালী হাবিবুর রহমানের বাড়ির নিকটবর্তী হওয়ায় তিনি জোরপূর্বক জবরদখল করে পাকা ঘর নির্মাণ করছে। স্থানীয়রা জানিয়েছে, হাবিবুর রহমান প্রভাবশালী হওয়ার কারণে কারো কথা না শুনে সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণ করছে। তিনি যে জায়গায় ঘর নির্মাণ করছে সে জায়গা দিয়ে এলাকার লোকজন চলাচল করে থাকে।
সে প্রভাবশালী হওয়ায় কেউ তার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ বিষয়ে ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, জায়গাটি সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত। হাবিবুর রহমান সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। আমি জানতে পেরে সেখানে গিয়ে তাকে সরকারি খাস জায়গায় পাকা ঘর নির্মাণ করতে নিষেধ করেছি। সে নিষেধ অমান্য করে পুনরায় ঘর নির্মাণ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সাথে কথা বললে তিনি বলেন, সরকারি খাস জায়গায় ঘর নির্মাণের বিষয়টি শুনেছি। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।