করোনা আতঙ্কে বেলুড় মঠে’র প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে।
তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই। কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম আপাতত বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে তারা ১৪ এপ্রিলের পর নিজে উপস্থিত হয়ে অথবা টেলিফোনে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করেন। ভক্তদের উদ্দেশ্যেই বেলুড় মঠের তরফে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর তরফ থেকে ইতিমধ্যেই সারা বিশ্বে করোনাকে মহামারী বলে ঘোষণা করা হয়েছে। এরপর সতর্কতা হিসাবে বেলুড় মঠ পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ভারতে ফের বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন। এই প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রক আরও জানায় ১০৭ জনের মধ্যে ৯০ জন ভারতীয়। পাশাপাশি মোট এই সংখ্যার ন’জন সুস্থ হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে।
সরকারি আধিকারিকদের সূত্রের খবর, মোট ১২ লক্ষ ২৯ হাজার ৩৬৩ জন যাত্রিকে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের একটি তালিকা দেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক কোভিড ১৯-এ আক্রান্তদের তালিকাটি সামনে এসেছে রবিবার।
রাজ্যভিত্তিকভাবে যে তথ্য সামনে এসেছে তা মূলত এইরকম, দিল্লিতে ৭ জন, পার্শ্ববর্তি এলাকা হরিয়ানায় ১৪ জন যারা প্রত্যেকেই বিদেশি, কেরলে ২২ জন, রাজস্থানে ২ জন বিদেশি, তেলেঙ্গানায় ৩ জন, উত্তরপ্রদেশে ১১ জন এবং এদের মধ্যে ১ জন বিদেশি, লাদাখে ৩ জন, তামিলনাডুতে ১ জন, জম্মু ও কাশ্মীরে ২ জন, পঞ্জাবে ১ জন এবং কর্নাটকে ৬ জন, মহারাষ্ট্রে ৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিনহিত করা হয়েছে। যা হিসেব করলে ১০৭ জন। এঁদের মধ্যে ৩১ জন হিসেবে শীর্ষে মহারাষ্ট্র।
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বাড়তি সতর্কতা রাখা হয়েছে। আগামীকাল সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ছুটি দিতে দেওয়া হয়েছে। যতটা সম্ভব বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।