কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: নিখোঁজের ১৭ দিন পরে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ কেয়া খাতুন নামের এক মাদ্রাসা ছাত্রীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে।
শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উপজেলার ত্রিলোচনপুর দর্গাতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেয়া খাতুন ত্রিলোচনপুর গ্রামের সামাউল হোসেনের মেয়ে এবং বেলেডাঙ্গা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, কিছুদিন আগে কেয়াকে একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মুনছুর মালিথার ছেলে সবজেল মালিথার সাথে বিয়ে দেয় তার পরিবার। কিন্ত বয়স না হওয়ায় তাকে শশুবাড়ি পাঠানো হয়নি।
নিহতের পরিবারের ভাষ্য, আজ থেকে ১৭ দিন আগে গরু বিক্রির বেশ কিছু টাকা নিয়ে কাউকে কিছু না বলে গোপনে কেয়া বাড়ি থেকে বের হয়ে যায়। কোথায় গেছে আর কি কারনে গেছে তা পরিবারের কাছে স্পষ্ট ছিলনা। এরপর অনেক খোঁজাখুজির পরও না পাওয়া গেলে কালীগঞ্জ থানায় ১ মার্চ একটি সাধারন ডায়েরীও করা হয়। কিন্ত আজ তার মাটিচাপা দেয়া গলিত লাশ পাওয়া গেলো।
ওই গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানান, তার গ্রামের সামাউল হোসেনের মেয়ে কেয়া খাতুন বেশ কিছুদিন যাবত নিখোঁজ ছিল। শুক্রবার রাতে তাদের গ্রামের দর্গাতলা মাঠের মধ্যে কলাগাছ ও মাটিচাপায় বস্তাবন্দি থাকা লাশ শিয়াল কুকুরে টেনে হেচড়ে বের করে ফেলে। পরে সকালে গ্রামবাসী দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে মরদেহ বুঝতে পেরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে কেয়ার লাশ উদ্ধার করে। ইতোমধ্যে নিহতের পরিবার লাশটি কেয়া খাতুনের বলে শনাক্ত করেছে।
তবে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, অনেক দিন আগে লাশটি মাটি চাপা দেওয়ায় এটি কার মরদেহ তা শনাক্ত করার উপায় নেই। তবে গত ১৭ দিন আগে নিখোঁজ হওয়া কেয়ার লাশ বলে তার পরিবার দাবি করছে। লাশ দেখে চেনার উপায় নেই। তবে ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল ও চুলের খোপা দেখে পরিবার দাবি করছেন এটা কেয়ার লাশ। তবে ডি এনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে এটা কেয়ার লাশ। ঘটনাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।