ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ ভাবগাম্ভীর্য ও প্রাণবন্ত পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ-এর ভাষণ উপলক্ষ্যে দূতাবাসে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত এ অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে শহীদ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের পর মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু এবং ১৫ আগষ্টে নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ, মহান ভাষা আন্দোলন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় । বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এর তথ্যচিত্র প্রচারিত হলে উপস্থিত সুধীবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন। ভাষাগত প্রতিবন্ধকতা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাষণের ঝংকার উপস্থিত ব্রাজিলীয় নাগরিকদেরও স্পর্শ করে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা পর্বে দূতাবাসের কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমান তাঁর বক্তব্যে ৭ মার্চের ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করে মহান মুক্তিযুদ্ধে এ ঐতিহাসিক ভাষণের প্রভাব তুলে ধরেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধু ১৯৪৬ সালেই উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান রাষ্ট্র বাঙ্গালীর আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। তখন থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন। তিনি বলেন যে, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙ্গালী জাতিকে সশস্র মুক্তিযুধের জন্য প্রস্তুত থাকার দিক নির্দেশণা প্রদান করেন। রাষ্ট্রদূত জুলফিকার রহমান আরো বলেন যে, একটি ভাষণ একটি পরাধীন জাতিকে স্বাধীনতার জন্য এভাবে উদবুদ্ধ করতে পারে- পৃথিবীতে এমন নিদের্শন বিরল। এ ঐতিহাসিক ভাষণকে রাষ্ট্রদূত পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ভাষণ হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন যে, বিংশ শতাব্দীতে যে কয়েকটি ঘটনা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেগুলোর অন্যতম।
২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো, বঙ্গবন্ধুর ৭ মার্চ-এর ঐতিহাসিক ভাষণকে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি দিয়ে “ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য অয়ার্ল্ড রেজিস্টার”-এ অন্তর্ভুক্ত করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন এবং তার আদর্শে উদবুদ্ধ হয়ে “সোনার বাংলা” বিনির্মাণে অণুপ্রাণিত হবে বলে রাষ্ট্রদূত জুলফিকার রহমান আশাবাদ ব্যক্ত করেন।