দি নিউজ ডেস্কঃ চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে থাকা কালে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। এ ঘটনায় তখন অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী (প্রয়াত)। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি এক সঙ্গে তদন্ত করতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
মৃত্যুর ২৪ বছর পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তার মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে পিআইবি’র প্রধান বনজ কুমার মজুমদার।
পিবিআই প্রধান বলেন, পারিবারিক কারণে মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছিলেন সালমান । ১০ সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দি পর্যালোচনা করে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ সংশ্লিষ্ট চিকিৎসকসহ সকলের মতামত বিশ্লেষণ করে প্রমাণ পাই সালমান শাহ খুন হননি।
বনজ কুমার মজুমদার বলেন, ২০১৬ সালের ২০ ডিসেম্বর আমরা তদন্ত ভার গ্রহণ করি। ২৪ বছর কেটে যাওয়ায় পিবিআই’র অনেক বেশি সময় লেগেছে। এই মামলায় ৪৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি। একজন সাক্ষীকে ২০-৩০ বারবার ডেকে নিয়ে জবানবন্দি নেওয়ার প্রয়োজন পড়ে। এরমধ্যে ১০ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। একজন সাক্ষীকে অন্তত ১০ বার ডেকে নিয়ে এসেছি। কারণ সেই সময়ের স্মৃতি কতটুকু তাদের মনে আছে।
১৯৯৭ সালের ২৪ জুলাই মামলা হলে সেবছরই ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বলছে, শাবনুরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্ক সালমান শাহ’র আত্মহত্যার অন্যতম কারণ। শাবনুরের সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্কের পাশাপাশি আরও বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ ছিল সালমান শাহ’র। এছাড়া মায়ের প্রতি তার অসীম ভালোবাসা এবং জটিল সম্পর্কের বেড়াজালে আবদ্ধ হয়ে পুঞ্জিভূত আবেগ অভিমানে রূপ নিয়েছিলে সালমানের। সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতাও ছিল তার।
পিবিআই আরও বলছে, সালমান শাহ ছিলেন অতিরিক্ত আবেগপ্রবণ। যে কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন তিনি। এসবকিছু মিলিয়েই শেষ পর্যন্ত সালমান শাহ আত্মহত্যাকে নিজের জীবন শেষ করার পথ হিসেবে বেছে নেন।
এদিকে, সালমান শাহ’র স্ত্রী সামিরা ও সহঅভিনেতা শাবনুরের সঙ্গে কথোপকথনে বিপরীতধর্মী বক্তব্য পেয়েছে পিবিআই।
সামিরার বরাত দিয়ে পিবিআই প্রধান বলেন, শাবনূরকে বিয়ে করে সালমান শাহ দুই স্ত্রী নিয়ে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু সামিরা রাজি ছিলেন না। এখান থেকেই পারিবারিক দম্পত্যের কলহ শুরু হয়। তা ছাড়া আগে থেকেই সামিরার শ্বাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদের ফলে সালমান শাহ ১৯৯১ সালে দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেসময় সালমান শাহ একবার ৯০টি ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন এবং একবার স্যাভলন খেয়েছিলেন।
তবে সালমান শাহ’র সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন শাবনুর। এই চিত্রনায়িকার বরাত দিয়ে পিবিআই প্রধান বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে সহযোগী শিল্পীর সঙ্গে যেমন সম্পর্ক থাকা প্রয়োজন, সালমান শাহ’র সঙ্গে তার তেমন সম্পর্কই ছিল। এর বাইরে কোনো সম্পর্ক ছিল না।