যশোর প্রতিনিধি: আওয়ামী লীগ ভোট কাটার রাজনীতিতে বিশ্বাস করে না। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই যশোরে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিজয়ী হবেন। বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার নাটক সাজাতে এমন অভিযোগ করছে। বিএনপি প্রার্থীর ভোট কারচুপির আশঙ্কার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলনে যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে।
গত ২০ ডিসেম্বর জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ভোট ডাকাতির আশঙ্কা করলে গতকাল সোমবার দুপরে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তার কর্মীদের হুমকি, পোস্টার ছেঁড়া, ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তার কোনো অভিযোগই সুনির্দিষ্ট নয়। একইভাবে তিনি বিগত উপজেলা নির্বাচন নিয়েও মনগড়া ও উদ্দেশ্যমূলক অভিযোগ করেছেন। এসব অভিযোগ সাজিয়ে বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে।’
তিনি বলেন, ‘বিএনপি প্রার্থী মারুফ পৌরবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়ে ও স্বপ্ন দেখিয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুর্নীতি আর ট্যাক্সের বোঝা ছাড়া পৌরবাসীকে কিছুই দিতে পারেননি। নির্বাচনী মাঠে নেমে এই বাস্তবতা বুঝতে পেরেই তিনি নির্বাচন থেকে সরতে চাইছেন। কারণ পৌরবাসী এবার আর তাকে ভোট দেবে না।’
শাহীন চাকলাদার অভিযোগ করেন, বিগত পৌরসভা নির্বাচনের আগে মেয়র মারুফ প্রতিটি ওয়ার্ডে শিশুপার্ক, জিমনেসিয়াম, রাস্তাঘাট, ড্রেনের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো ওয়ার্ডেই পার্ক জিমনেসিয়াম হয়নি। বেহাল রাস্তা ঘাটে চলা যায় না। বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেন ও ময়লা আবর্জনার দুর্গন্ধে শহরে চলা যায় না। মশার উপদ্রবে রাতে পৌরবাসী শান্তিতে ঘুমোতে পারে না।’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মেয়র হয়ে মারুফ উন্নয়ন করতে না পারলেও পৌরবাসীর ঘাড়ে বিশাল ও অনিয়ন্ত্রিত ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছেন। আর লাখ লাখ টাকা নিয়ে পৌরসভায় কয়েকশ’ কর্মচারী নিয়োগ দিয়েছেন। এই উন্নয়ন বঞ্চনা, অনিয়ম, দুর্নীতির কারণে পৌরবাসী মেয়র মারুফের ওপর ক্ষুব্ধ। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জয়লাভ করলে পৌরসভার সবস্তরের জনগণের সঙ্গে আলোচনা করে পৌরকর নির্ধারণ করা হবে। পৌরসভাকে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, অ্যাডভোকেট আলী রায়হান, আব্দুল খালেক, খয়রাত হোসেন, মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান মুকুল, আসিফুদ্দৌলা সরদার অলোক, যোসেথ সুধীন মণ্ডল, শাহারুল ইসলাম, মাহমুদ হাসান বিপু প্রমুখ।