কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ‘মঙ্গল শোভাযাত্রা’র মাধ্যমে দিনব্যাপী বাংলা ১৪২৬ এর আগমন উদ্যাপন করে। পহেলা বৈশাখ উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’টি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের তৈরি মুখোশ ও রয়েল বেঙ্গল টাইগারসহ নানান প্রাণী সদৃশ সুসজ্জিত মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রাটি দর্শকদের দৃষ্টি কেড়েছে।
উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীসহ কলকাতার কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালির ঐতিহ্য নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের ঐতিহ্যমণ্ডিত সুসজ্জিত প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও আবহ রক্ষা করে মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।