ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ আসনের নির্বাচনী এলাকা (কালীগঞ্জ) আসনে মোট ৫ জন প্রার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে মহাজোট প্রার্থী আনোয়ারুল আজিম আনার বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। অপরদিকে বাকিরা জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের রীতি অনুসারে মোট কাষ্টিং ভোটের শতকরা ৮ ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানাগেছে, ১টি পৌরসভা ও কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন নিয়ে ঝিনাইদহ -৪ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৬’শ ৮০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪১ হাজার ৭’শ ৬৭ জন এবং নারী ১ লাখ ৩৯ হাজার ৮’শ ৫৫ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানাগেছে, এ আসনের মোট ২ লাখ ৮১ হাজার ৬’শ ৮০ ভোটের মধ্যে মোট ২ লাখ ৩৮ হাজার ৭’শ ২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৫ জন প্রার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে মহাজোট মনোনিত বর্তমান এমপি নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ারুল আজিম আনার সর্বোচ্চ ২ লাখ ২৬ হাজার ৩’শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে ঐক্যফ্রন্ট মনোনিত ধানের শীষ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯ হাজার ৫’শ ৬ ভোট, জাকের পাটির গোলাপফুল প্রতিকের ইছাহক আলী পেয়েছেন ৮’শ ৯৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রার্থী মমতাজুল করিম পেয়েছেন ২ হাজার ১’শ ৭০ ভোট, এলডিপির প্রার্থী মেহেদী হাসান ছাতা প্রতিকে পেয়েছেন মাত্র ১’শ ৬২ ভোট।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, এ আসনটিতে মোট যে ভোট কাস্ট হয়েছে তার মধ্যে শতকরা কমপক্ষে ৮ ভাগ ভোট না পেলে না পাওয়া প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে মোট ২ লাখ ৩৮ হাজার ৭’শ ২ ভোট কাষ্ট হয়েছে। এ ভোটের শতকরা ৮ ভাগ অর্থাৎ ১৯ হাজার ৯৬ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনের নিয়মানুসারে এ আসনের বিজয়ী প্রার্থী আনোয়ারুল আজিম আনার ছাড়া কোন প্রার্থীই জামানত বাঁচানোর মত ভোট পাননি। ফলে বিধিমোতাবেক তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।