ভোলা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। নৌবাহিনী নামার পরও ভোলায় ৪টি আসনের মধ্যে ৩টিতেই বিএনপি’র প্রার্থীরা এখনো অবরুদ্ধ। মামলা হামলার তোয়াক্কা না করে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গেলেও স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা তাদের বাসা থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকা তত উত্তপ্ত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বাসাবাড়ি থেকে যাতে বাইরে না যেতে পারে তার জন্য সশস্ত্র মহড়া দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভোলা-২ আসনের ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার বাড়ির বাইরে অস্ত্রহাতে আ’লীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে। তার সঙ্গে বিএনপি নেতাদের দেখা করতে দিচ্ছে না। তাকে একঘরে করে রাখা হয়েছে।
অন্যদিকে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থী মেজর হাফিজ উদ্দীন আহম্মেদ (অব.) বীর বিক্রম ও ভোলা-৪ আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন।
হাফিজ ইব্রাহিম বলেন, তাকে নিজে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় এলে তাকে লঞ্চ থেকে নামতে বাধা দেয় এবং আ’লীগ নেতাকর্মীরা হামলা করে তার বহু নেতাকর্মীকে আহত ও বাড়িঘর ভাঙচুর করেছে। তিনি আসার পর দুটি মামলায় বিএনপি’র ৭ শতাধিক নেতাকর্মীকে আসামি করে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া। তার বাসার দরজা জানালা ইটপাটকেল মেরে ভাঙচুর করা হয়।
ডিসি, এসপি, ওসিসহ প্রশাসনের নিকট ২৪টি অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাননি বলে জানান তিনি। বর্তমানে তিনি বাসায় অবরুদ্ধ থাকায় প্রচারণায় বের হতে পারছেন না।
মেজর হাফিজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তিনি ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্য রওয়ানা হওয়ার পর সদরঘাটে তার বহন করা লঞ্চে জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে লঞ্চের ৪০টি কেবিন ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের আহত করা হয়। যাত্রাবিরতি করে পরে তিনি পুুলিশ পাহারায় পুনরায় এলাকায় আসেন। তাকে ৪০ হাজার বিএনপির নেতাকর্মী অভ্যর্থনা জানিয়ে বাড়ি ফেরার পথে আ’লীগের হামলায় শতাধিক আহত হয়। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। মিথ্যা মামলায় তার অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এখনো বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তিনি বাসায় অবরুদ্ধ হয়ে আছেন। কোথাও কোনো প্রচারণায় যেতে পারছেন না। তার নেতাকর্মীদের ওপর এখনো হামলা অব্যাহত আছে। কোনো মামলা ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও কর্মীদের ঢালাও গ্রেপ্তার করছে পুলিশ।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ নাজিম উদ্দীন আলম অভিযোগ করেন তিনি এলাকায় ফিরে মনোনয়নপত্র দাখিলের দিন থেকে তার নেতাকর্মীরা বাসায় ফিরার পথে আ’লীগের হামলায় বহু নেতাকর্মী আহত হন। তার বাসা ভাঙচুর করে আ’লীগ নেতাকর্মীরা। তার প্রচারের মাইক ভাঙচুর করা হয়। গণসংযোগে বাধা দেয়া হচ্ছে। তার গাড়ীর বহরে হামলা করা হয়েছে। বিভিন্ন এলাকায় জোর করে নেতাকর্মীদের আ’লীগে যোগদান করাচ্ছে।
এছারা তার বহু নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে।বাসায় অবরুদ্ধ হয়ে আছেন বলে তিনি জানান।