খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী৷ সোমবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।
সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, খুলনা-৪ আসনের এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়৷ এই আসনের উপ-নির্বাচনে সালাম মুর্শেদীকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনয়ন দিয়েছে।
খুলনা-৪ আসনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন সংসদীয় বোর্ডর সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আগামী ২০ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।