তানভীর আহমেদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রাইভেট পড়ানোর সময় পাগলীর ভয় দেখিয়ে কোমলমতি প্রায় ৩০জন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক তোফায়েল আহমদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের করাতির হাট এলাকার ঐ শিক্ষকের লজিং বাড়িতে। এ ঘটনায় ভোক্তভোগী পরিবারগুলো বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শিক্ষক সদর উপজেলার করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক এবং পার্বতিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাসিন্দা বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। সৃষ্ট ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর পূর্বে খন্ডকালীন শিক্ষক নিয়োগ পান তোফায়েল আহমদ। নিয়োগের পর স্থানীয় হাওলাদার বাড়িতে লজিং মাষ্টার থেকে পাশ্ববর্তী একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি সকালে আরবি শিক্ষা ও রাতে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। এ সুবাধে কোমলমতি শিশু ছাত্রীদের কোরআন-হাদীস ও পাগল করার ভয় দেখিয়ে শিক্ষকের সকল কথা মানতে অনুরোধ করে যৌন হয়রাণি (ধর্ষণ ও শ্লীলতাহানি) করে আসছিলেন তোফায়েল। মঙ্গলবার (২৬ জুন) একইভাবে এক ছাত্রীকে এমন কাজ করলে সে বিষয়টি পরিবারকে জানায়। এর পর স্কুলের শিক্ষকদের বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে অন্য ছাত্রীরাও তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। এতে শিক্ষক তোফায়েলের সকল অপকর্ম ফাঁস হয়ে যায়। লোকমুখে শোনা যাচ্ছে প্রায় ৩০ জন শিক্ষার্থী ওই শিক্ষক কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে কৌশলে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে তাঁর মোবাইল ফোনে বারবার ফোন দিয়েও যোগাযোগ করা যায়নি।
একাধিক শিক্ষার্থী জানান, প্রাইভেট পড়তে গেলে হুজুর স্যার তাদের শরীর বন্ধ করার নামে ছাত্রীদের অঙ্গে তেল মালিশ করে যৌন হয়রানি করতো। বিষয়টি কাউকে না বলার জন্য কোরআন-হাদিস ধরিয়ে ভয় ভীতি দেখাতো। আর কাউকে বললে ঐ এলাকার রুপালী পাগলীর মতো হয়ে যাবি বলে ভয় দেখাতো। এ কারণে অনেকেই ভয়ে কাউকে কিছু বলেনি।
এ খবর ছড়িয়ে পড়লে অভিবাবক ও গ্রামবাসীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। কোরআন-হাদিসের ভয় দেখিয়ে ছাত্রীদের অপকর্মের এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। একই দাবি করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম মাষ্টারসহ সচেতন মহল।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, খন্ডকালীন শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির খবর পেয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্তটিম গঠন করা হয়েছে। এ ধরণের ঘটনার প্রমাণ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ধরনের আর কোন ঘটনা যেন না ঘটে সেজন্য সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সচেতন করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী জানান, বিষয়টি নেক্কার জনক ঘটনা। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে, দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।