নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে কক্সবাজারে ছুটে গেছেন আওয়ামী লীগের নেতারা। অথচ বিএনপির নেতারা সেখানে না গিয়ে প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) জাতীয় সম্মেলনে হাছান মাহমুদ এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতারা প্রেসক্লাব ও তাদের দলীয় কার্যালয়ে বসে রোহিঙ্গা বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। অথচ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশের নেতারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ তাদের মানবিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রশংসা করেছে। আর বিএনপি নেতারা ব্যস্ত সরকারের সমালোচনায়।
‘গতকাল সেখানে (কক্সবাজার) গেছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু। আমাদের স্থানীয় নেতারা তাদের (রোহিঙ্গা) পাশে দাঁড়িয়েছে, স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) তাদের পাশে দাঁড়িয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে, বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে প্রেসক্লাবের সামনে আর বিএনপি অফিসের আপনার যেখানে প্রেস কনফারেন্স হয়, সেখানে’, বলেন হাছান মাহমুদ।



