বিশেষ প্রতিবেদক(১৮.০১.২০১৮)ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের ২০১৪-১৫ সেশনের দ্বিতীয় বর্ষের ফল জানুয়ারির মধ্যে প্রকাশ করাসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেন তাঁরা। সাড়ে ১১টার পর তাঁরা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। দুপুর ২টা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়ক ও আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—২০১৪-১৫ সেশনের ফল জানুয়ারির মধ্যে প্রকাশ করা, মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ, সাত কলেজের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ২০১২-১৩ সেশনের পরীক্ষা সম্পন্ন করা এবং ডিগ্রির সব সেশনের আটকে থাকা পরীক্ষা ও তার ফল প্রকাশ করা।
আন্দোলনকারীদের অন্যতম সরকারি বাঙলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর বলেন, ‘আমরা এরই মধ্যে সেশনজটের মধ্যে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি মানা না পর্যন্ত আমাদের অবরোধ চলবে।’