নতুন ‘দ্য নাইস গাইজ’ ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রচণ্ড পরিশ্রম করছেন ‘গ্লাডিয়েটর’খ্যাত হলিউড তারকা রাসেল ক্রো। নিজের চরিত্রের প্রতি কতটা নিবেদিত তিনি; তা কারও অজানা নয়। নতুন ছবির জন্য ২৩ কেজি ওজন কমিয়েছেন তিনি।
এইস শোবিজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
রাসেল ক্রো বলেছেন, ‘গত বছর আগস্টের প্রথম সপ্তাহে আমি ছিলাম ২৬৮ পাউন্ড। আমি একটি ছবি করেছি ‘দ্য নাইস গাইজ’ নামে; তাই রায়ান গসলিংয়ের পাশে মানানসই হতে আমি নিজেকে পরিবর্তন করেছি। আর এ জন্যই আমি এ মুহূর্তে ২১৬ পাউন্ড।’
সাইকেল চালিয়ে আর জগিং করেই এই ‘অসাধ্য’ সাধন করেছেন রাসেল ক্রো।
শেন ব্লেকের পরিচালনায় ‘দ্য নাইস গাইজ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২০ মে। এ ছবিতে ‘জ্যাকসন হিলি’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল। ছবিতে তাঁর সহ-অভিনেতা গসলিং সম্পর্কে রাসেল ক্রো বলেছেন, ‘ছেলেটি মজার, প্রতিভাবান। দারুণ সঙ্গী ও বুদ্ধিমান।’ তিনি রায়ান গসলিং সম্পর্কে আরও বলেন, ‘সে যা ভালোবাসে, তা-ই করে আর সঠিক প্রশ্নগুলোই সে করে। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’