এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ “দ্যা গ্রেট বাংলাদেশ রান-রান ফর হেলদি বাংলাদেশ” স্লোগান সামনে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা পাড়ি দিয়েছেন সামসুজ্জামান আরাফাত নামের এক যুবক। ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পথ দৌড়ে প্রথম বাংলাদেশী হিসেবে এ গৌরব অর্জন করলেন আরাফাত। তাঁর একটি স্বপ্ন পুরন হলো, এবার তিনি ইংলিশ চ্যানেল জয় করে এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন।
সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে সর্বশেষ পঞ্চগড়ের অমরখানা এলাকা থেকে দৌড়ানো শুরু করে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাবান্ধা জিরো পয়েন্ট পৌঁছান আরাফাত।
তেঁতুলিয়া উপজেলা সদর পার হয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে পৌঁছালে বাংলাবান্ধার ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনসহ এলাকার স্থানীয় যুবকরা তাকে উৎসাহ দেওয়ার জন্য তার সাথে জিরো পয়েন্ট পর্যন্ত দৌড়ান। জিরো পয়েন্টে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জিরো পয়েন্টের একটি স্মারক উপহার দেওয়া হয়।
এর আগে তিনি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি টেকনাফের নোয়াপাড়া পরিবেশ টাওয়ার থেকে এ দৌড় শুরু করেছিলেন। প্রতিদিন গড়ে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে ২০ দিনে বাংলাবান্ধা জিরোপয়েন্ট স্পর্শ করেন তিনি।
দৌড় শেষ করে উচ্ছসিত আরাফাত সুস্থ বাংলাদেশ গড়ার জন্য সকলকে প্রতিদিন এক কিলোমিটার দৌড়ানোর আহ্বান জানান। দৌড়ে যমুনাসেতু পার হওয়ার অনুমতি না পাওয়ায় সাঁতরে যমুনা নদী পাড়ি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তাকে পৃষ্ঠপোষকতা করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য যে, সামসুজ্জামান আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছেন। গত বছর তিনি ভারতের মেঘালয়ে চেরাপুঞ্জি মেরাথনে অংশ গ্রহণ করেছিলেন।