২০২৩ সালের মধ্যে শতভাগ এলাকায় উচ্চগতির ইন্টারনেট : মোস্তাফা জব্বার

২০২৩ সালের মধ্যে শতভাগ এলাকায় উচ্চগতির ইন্টারনেট : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাইজেশন যে একটি দেশের অভাবনীয় রূপান্তর ঘটাতে পারে বাংলাদেশ তার প্রমাণ। এনালগ থেকে ডিজিটাল রূপান্তরের অভিযাত্রা খুব সহজ ছিল না।

১৯৯৬ সালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কম্পিউটার এবং মোবাইল ফোন সাধারণ মানুষের কাছে সহজলভ‌্য হয় এবং এরই ধারাবাহিকতায় ডিজিটাল শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়। এক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি এনালগ যুগ থেকে ডিজিটাল যুগে উত্তরণের এই বিপ্লব এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী গতকাল ঢাকায় এক হোটেলে আইসিটি পাইওনিয়ার ক্লাব আয়োজিত ডিজিটাল বিপ্লব ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও অ‌্যাসোসিও‘র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি রচিত ‘আবর্ত : এনালগ থেকে ডিজিটাল বাংলাদেশ ও আমরা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাবেক অ‌্যাসোসিও সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি‘র চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম কামাল, বেসিস-এর প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাংবাদিক পল্লব মোহাইমেন প্রমূখ বক্তৃতা করেন।

ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০২৩ সালের মধ‌্যে দেশের শতভাগ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে। ইন্টারনেট মূল‌্য সুলভ করতে একদেশ এক রেট চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল‌্য ২৭ হাজার টাকা আমরা কার্যত তা মাত্র ৬০ টাকায় নামিয়ে এনেছি।

মোস্তাফা জব্বার বলেন, কম্পিউটারের ওপর থেকে ভ‌্যাট ট‌্যাক্স প্রত‌্যাহার, মোবাইলের মনোপলি বন্ধে ৪টি মোবাইল অপারেটরকে লাইসেন্স প্রদান, ভি-স‌্যাটের মাধ‌্যমে ইন্টারনেট সংযোগ, জেআরসি কমিটি গঠন এবং গঠিত কমিটির রিপোর্ট বাস্তবায়ন ও মহাকাশে স‌্যাটেলাইট উৎক্ষেপণের উদ‌্যোগ গ্রহণের মাধ‌্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে তারই ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় উন্নত দেশের সাথে সমানতালে চলার সক্ষমতা অর্জন করেছে।

লেখক আব্দুল্লাহ এইচ কাফি‘র বইটি দেশের ডিজিটাল শিল্প বিপ্লবের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স, মন্তব্য করে। মন্ত্রী বলেন, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা দেশের কম্পিউটার বিপ্লব সম্পর্কে পরিষ্কার ধারনা পাবে এবং নিজেদেরকে তৈরি করার জন‌্য অনুপ্রাণিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।