টানা ৩৮ দিনের সংঘাত শেষে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে Iran ও United States। এই সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Strait of Hormuz দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল নির্ধারণ করেছে তেহরান।
ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়কালজুড়ে এই টোল কার্যকর থাকবে। মার্কিন আরেক সংবাদমাধ্যম Financial Times-কে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ১ ডলার করে টোল দিতে হবে। তবে যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, সেগুলোকে কোনো ফি দিতে হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, সুপার ট্যাংকারের মতো বড় জাহাজের ক্ষেত্রে এই টোলের পরিমাণ কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে শুধু ইরানি কর্তৃপক্ষের কাছে।
টোল পরিশোধ করতে হবে প্রণালিতে প্রবেশের আগেই এবং তা গ্রহণ করা হবে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে। জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা নির্দিষ্ট রুট দিয়ে চলাচল করতে হবে, বিশেষ করে Qeshm Island ও Larak Island এর মধ্যবর্তী এলাকা দিয়ে।
ইরান জানিয়েছে, তাদের মিত্র দেশগুলোর জাহাজ তুলনামূলক সহজে পারাপারের অনুমতি পাবে। তবে শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন করা ইরানের জন্য কঠিন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলে লেনদেন শনাক্ত করা তুলনামূলক কঠিন হয় এবং ইউয়ানে টোল নিলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমে।
আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ানে ইতোমধ্যে টোল আদায় শুরু করেছে তেহরান। তবে এই পদক্ষেপ উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।