রাজিব শর্মা,চট্টগ্রামঃ চট্রগ্রামের হাটহাজারী পৌর এলাকার কামাল পাড়ায় অবৈধভাবে আশ্রয় নেয়া ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
অাজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম।
জানা যায়, আটক ১৮ রোহিঙ্গা রাখাইন রাজ্যের মংডু হাদি বিল এলাকার বাসিন্দা। হাদি বিল থেকে পালিয়ে এসে গত তিন দিন উখিয়ায় অবস্থান করার পর যানবাহনে চড়ে হাটহাজারীতে চলে আসে।
পুলিশ সুপার জানান, গতকাল সোমবার দিবাগত রাতে পৌর এলাকার কামাল পাড়ার জনৈক নূরুল আলমের ভাড়া বাসায় অবৈধভাবে ২৩জন রোহিঙ্গা আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় অভিযান পরিচালনা করে তাদের মধ্যে ১৮ জনকে আটক করা হয়। তাদের উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানোর প্রস্ততি চলছে।
তিনি আরো জানান, যারা রোহিঙ্গাদের অবৈধভাবে আশ্রয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


