স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় মাদক বেচাকেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহারিয়া (৪) নামে এক শিশু গুরুতর জখম হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মুন্নাকে আটক করেছে। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে শার্শার নাভরণ যাপদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু মাদক ব্যবসায়ী জুলফিকার আলী জুলুর ছেলে এবং আটক মাদক ক্রেতা মুন্না একই এলাকার আজিজ মোল্লার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার নাভারণ যাদবপুর (ডকের বাগান) গ্রামে আখের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম মোড়ল ও জুলফিকার জুলুর সঙ্গে মাদকসেবী মুন্নার মাদক বেচাকেনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় মুন্না জুলুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে গেলে পাশে থাকা জুলুর ৪ বছরের শিশু শাহরিয়ারের মাথায় লাগে। এতে সে গুরুতর জখম হয়। তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তার অবস্থা আশঙ্কাজনক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ঘটনা শোনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মুন্নাকে আটক করে। এছাড়া মারামারির সময় ব্যবহৃত ধারালো অস্ত্রটি (হাঁসুয়া) উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



