হজ না হলেও হজের টাকা চাইলেই ফেরত নিতে পারবে -ধর্ম সচিব

হজ না হলেও হজের টাকা চাইলেই ফেরত নিতে পারবে -ধর্ম সচিব

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই হজ আয়োজন নিয়ে ছিলো অনিশ্চয়তা। করোনা মহামারীর কারণে এবার বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে না পারলেও নিবন্ধিতরা চাইলেই টাকা ফেরত দেয়া হবে। জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

এজেন্সিগুলো বলছে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই টাকা ফেরত দেয়া হবে। সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং আবার হজে যেতে আরো দু’বছর অপেক্ষায় থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে বার বার আশ্বাস দেয়া হয়, হজ না হলেও ফেরত মিলবে টাকা। সে টাকায় চাইলে আগামী বছরও হজে যাওয়া যাবে।

সৌদি সরকারের সিদ্ধান্তু অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না। তবে টাকা ফেরত পেতে কোন জটিলতা হবেনা জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, দু’এক দিনের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তবে কিভাবে ও কতদিনে টাকা মিলবে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম বলেন, কোন জটিলতা হবে না, সমুদয় টাকা আমাদের ব্যাংকে রয়েছে। আজ কালকের মধ্যেই আমরা ব্যবস্থা নেব। ব্যাংকে তারা যেভাবে টাকা জমা দিয়েছে সেভাবেই ফেরত নেবে।

হজ এজেন্টরা বলছেন, সরকার সার্কুলার দিলেই টাকা ফেরত দেয়া হবে। সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে। যারা টাকা ফেরত নেবেন না, ২০২১ সালে হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জানান হাব সভাপতি।

হজ এজেন্ট মাসুদউর রহমান বলেন, সরকার যখন ঘোষণা দেবে, তখনই খুব কম সময়ে টাকা ফেরত দিয়ে দেবে এজেন্সিগুলো।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে যেসব হজ যাত্রীরা ২০২০ সালে নিবন্ধন করেছেন, তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে ২০২১ সালে তারা সকলেই অগ্রাধিকার প্রেক্ষিতে যেতে পারবেন।বেসরকারিভাবে নিবন্ধিত ৬১ হাজার ১৪২ জনের কাছ থেকে বিমান ভাড়া , মুয়াল্লেম ও নিবন্ধন ফি বাবদ জনপ্রতি ১ লাখ ৮২ হাজার ৭৪২ টাকা হিসেবে মোট ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকা নেয়া হয়েছে। তবে সরকারিভাবে নিবন্ধিত ৩ হাজার ৪৫৭ জনের কাছ থেকে প্যাকেজ অনুসারে পুরো টাকাই নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।