আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজিটাইজেশন-এর উপর গুরুত্বারোপ করেছি। পুরো ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় হলে সেবা প্রদানকারীদের অনিয়ম করা খুব কঠিন হবে। বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
গত ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার এ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।
সম্প্রতি উদ্বোধন হওয়া ভূমি সেবা হটলাইন ১৬১২২ এর কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দিতে গিয়ে মন্ত্রী ব্যবসায়ীদের বলেন অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা যদি ১৫ দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি না করেন তাহলে ড্যাশ বোর্ডে উক্ত অভিযোগে হলুদ মার্ক দেখা যাবে। আর ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি না করলে তিনি লাল মার্ক দেখা যাবে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তিতে দেরি হচ্ছে কেন এ বিষয়ে তলব করা হবে। অভিযোগ নিষ্পত্তি করা ছাড়া সেবা প্রদানকারী কর্মকর্তাদের আসলে আর কিছুই করার থাকবেনা।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের সাথে ব্যবসা ও উন্নয়ন সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত ব্যবসায়ীরা। তারা ভূমিমন্ত্রীর সাথে উন্নয়ন কাজে ভূমি ব্যবহারের বিষয়ে সংলাপ করেন।
ভূমিমন্ত্রী ব্যবসায়ীদের আইন দ্বারা অনুমোদিত মাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় অংশ নেওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিবিসিসিআই-এর সভাপতি বশির আহমেদ, সহ-সভাপতি মহিব উদ্দিন চৌধুরী এবং মহাপরিচালক সাইয়েদুর রহমান রানু।