সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: এমনেই বান আর ভাঙ্গনের যন্ত্রনা তারপর আবার পোলাপাইন জ্বালায়। ঘরে খাওন নাই, ওনার কাম নাই। বাপের বাড়ি যাইমু এহন টলারও নাই। হগল বিপদ একলগে আইছে। আল্লাহ আমাগোরে বিপদ থেইকা রক্ষা কর। পদ্মা নদীর তীরে ৪ বছরের কণ্যাসন্তান সিন্থিয়ার হাত ধরে আর আড়াই বছরের পুত্র সন্তান তামিমকে কোলে নিয়ে দাড়িয়ে এ সকল কথা বলছিল মা কল্পনা।
অথৈ পদ্মার প্রতিটি ঢেউ যেন কল্পনার হৃদয়ে আঘাত হানে। চোখ মুখে বিষন্নতার ছায়া দেখা যায় কল্পনার। তবুও কল্পনার দৃষ্টি পদ্মার খড়স্রোতের দিকে। মনে হচ্ছে কল্পনা পদ্মার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তবে কল্পনাকে দূর্বল মনে হচ্ছে না।
কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে কল্পনা বলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ইয়াকুব মাদবর কান্দির দিন মজুর ছলেমান মাদবরের স্ত্রী আর একই ইউনিয়নের বাবুরচর এলাকার গিয়াস উদ্দিন বেপারীর মেয়ে কল্পনা। স্বামী ও পিতার বাড়ির মধ্যে সর্বনাশা পদ্মা নদী। কল্পনার ২৩ বছরের সংক্ষিপ্ত জীবনে এ বার সহ ৪ বার নদী ভাঙ্গন দেখেছে। তবে এবারের নদী ভাঙ্গন একেবারেই আলাদা। নদী ভাঙ্গনের সাথে বন্যা আর কখনও তিনি দেখেন নাই।
স্বামীর বাড়ি পদ্মা নদীর ভাঙ্গনের কবল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিতে হবে সে ক্ষেত্রে শিশু সন্তান সিন্থিয়া ও তামিম বাঁধা তাই সন্তানদের পিতার বাড়িতে মায়ের কাছে নিরাপদে রেখে আসবে। এ জন্যই পদ্মা নদীর দিকে তাকিয়ে রয়েছে। পদ্মার পাড়ে ট্রলার আসবে আর কল্পনা সন্তানদের নিয়ে পদ্মার বান ও ঢেউ উপেক্ষা করে পিতার বাড়ি বাবুরচরে যাবে। পিতার বাড়িতেও বানের পানি ঘরের চাল ছুঁই ছুঁই তবে নদী ভাঙ্গনের ভয় নাই। ইতিমধ্যে তিন বার পিতার বাড়ি সরিয়ে এখন ভাঙ্গন মুক্ত এলাকায় রয়েছে। কিন্তু নাড়ছেড়া ধন সন্তানদের পানিতে ভাসিয়ে পিতার বাড়িতে রেখে কল্পনা কেমন থাকবে?
কল্পনার মুখটা শুকনো আর বাচ্চাদের পড়নে ময়লা পোষাক সে দিকে কল্পনার নজর নাই। নজর শুধু কখন ট্রলার আসবে। বেলা ১১টায় ট্রলার ঘাটে আসলে পদ্মা পাড় হয়ে বাবুর চরে যেতে দেড় ঘন্টা লাগবে। আবার ফিরে আসতে দেড় ঘন্টা একবার ট্রলার মিস করলে আরও এক ঘন্টা বসে থাকতে হবে। বাচ্চাদের পিতার বাড়িতে রেখে দিনে দিনে ফিরে নিজের বসত বাড়ি ও আসবাবপত্র নিরাপদে সরিয়ে নিতে হবে।
এমনি ভাবে পদ্মা নদীর তীরবর্তী মানুষের প্রকৃতির সাথে যুদ্ধ করে অধিকার ছিনিয়ে বাঁচতে হয়। কল্পনাও সে সকল মানুষের মধ্যে একজন প্রকৃতির বিরুদ্ধে বলিষ্ঠ যোদ্ধা ও টিকে থাকা বীর। কোন ধরণের দূর্বলতা, সন্তানদের জন্য মায়া বা ভয় কল্পনার হৃদয়ে পদ্মা নদীর মতো আঘাত হানতে পারেনি। কল্পনা দৃঢ়তার সাথে এগিয়ে যাবেই। যেন পরাজয় মানতে পরিবারের কাছ থেকে শিক্ষা পায়নি কল্পনা।