স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র -ছাত্রীরা নাটোরের রাজবাড়ীতে ঘুরাঘুরি করছে এমন খবর পেয়ে ৪৯ জনকে আটক করে ডিবি পুলিশ।
রবিবার(৮ অক্টোবর) দুপুরে নাটোরের দৃষ্টিনন্দিত দর্শনীয় স্থান রাজবাড়ী থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, প্রতিদিন রাজবাড়ীর ভিতরে জেলা শহরের বিভিন্ন স্কুল- কলেজ থেকে শিক্ষার্থীরা ক্লাশ ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে। অনেক যুবক- যুবতী রাজবাড়ীর নির্জন জায়গায় অসংলগ্ন অবস্থায় থাকে। যার কারনে সাধারণ দর্শনার্থীরা বিব্রতকর অবস্থায় পড়ে। তারা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং মাঝেমধ্যে এমন অভিযান অব্যাহত রাখার আহবান জানান স্থানীয়রা।
ডিবির ( ওসি) আব্দুল মতিন জানান, ক্লাশ ফাঁকি দিয়ে স্কুল-কলেজের ছাত্র- ছাত্রীরা নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র রাজবাড়ীতে আড্ডা দিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। টিনেজ হওয়ায় তাদের পরিবারকে ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।




