যশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে অস্ত্র, ম্যাগজিন, গুলি, গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন শার্শার ঘিবা এলাকার এজুবার মিয়ার ছেলে মো. সাজজুল (৩০), একই উপজেলার সর্বাঙ্গহুদা এলাকার সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩০)।
শনিবার ভোরে যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
আজ বিকেলে ঝুমঝুমপুরস্থ যশোর ব্যাটালিয়ন কার্যালয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো. সেলিম রেজা প্রেস ব্রিফিংয়ে বলেন, শার্শার রঘুনাতপুর বিওপিতে কর্মরত হাবিলদার সিগন্যাল মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভোর সাড়ে তিনটার দিকে দেখতে পান, ঘিবা সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বস্তা মাথায় করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে। এরপর টহল দল চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।
বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। এরপর তাদের কাছে থাকা তিনটি বস্তা তল্লাশ করে সেখান থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা।
তিনি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে- বহনকৃত অস্ত্র, গুলি ও গাঁজা ভারতীয় চোরাকারবারী কোরবান আলী ও লাল্টু মিয়ার কাছ থেকে আনা হয়েছে। এসব মালামাল বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর এলাকার মাদক সম্রাট বাদশা মিয়ার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
প্রাথমিক তদন্তশেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলে তিনি জানান।




